কঠোর মুদ্রানীতির প্রভাবে চলতি বছর রাশিয়ার অর্থনীতি সংকুচিত হবে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরআইএ নোভোস্তি দেশটির জিডিপি প্রবৃদ্ধি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। খবর আরটি।

২০২৪ সালে জিডিপি ৩ দশমিক ৫ শতাংশ বাড়বে বলে প্রথমে প্রক্ষেপণ করা হয়েছিল। সেটা সংশোধন করে ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস করা হচ্ছে।

অর্থনীতিবিদরা জানান, নির্মাণ খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ ও ভর্তুকি কমে যাওয়ায় সার্বিক অর্থনৈতিক কার্যক্রম নিম্নমুখী হবে। কেবল বেসরকারি বিনিয়োগ অর্থনীতিকে পুরো মাত্রায় গতিশীল রাখতে পারবে না।

রাশিয়ান প্রেসিডেন্সিয়াল একাডেমি অব ন্যাশনাল ইকোনমি অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ল্যাবরেটরি প্রধান (অ্যানালাইসিস অব ইনস্টিটিউশনস অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেট) আলেক্সানদার আব্রামোভ বলেন, ‘‌২০২৪ সালে আমরা দেড় থেকে ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি প্রত্যাশা করছি। জনগণের চাহিদাই এ প্রবৃদ্ধির চালিকা শক্তি হবে।’

রিকম-ট্রাস্ট ইনভেস্টমেন্ট কোম্পানির গবেষণা প্রধান ওলেগ অ্যাবেলেভ বলেন, ‘‌বিদেশী মুদ্রার বিপরীতে রুবল দুর্বল হওয়ায় প্রবৃদ্ধি কমবে।’

প্রমসভিয়াজব্যাংকের বিশ্লেষক ডেনিস পোপোভ জানিয়েছেন, জিডিপি ১ দশমিক ২ শতাংশ বাড়বে। অর্থনীতি পুনরুদ্ধারের সূচকগুলো দুর্বল হয়ে পড়েছে।

ডেনিস পোপোভ বলেছেন, ‘আর্থিক নীতির ওপর নির্ভর করছে ‌অর্থনৈতিক প্রবৃদ্ধি। ব্যবসা-বাণিজ্যের মূল খাতগুলোয় বিনিয়োগের উচ্চ চাহিদা রয়েছে। শ্রমিক স্বল্পতা থাকায় মজুরি কিছুটা বাড়বে। এছাড়া নীতিসহায়তা সর্বনিম্ন মজুরি কিছুটা বাড়াতে পারে।’

অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছেন যে কঠোর মুদ্রানীতির রাশ টেনে ধরবে না ব্যাংক অব রাশিয়া। যদিও নিয়ন্ত্রণ চরম সীমায় পৌঁছে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত বছরের ১৫ ডিসেম্বর ব্যাংক অব রাশিয়া সুদের হার ১০০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১৬ শতাংশ করেছে। মূল্যস্ফীতি এখনো অর্থনীতিতে চাপ অব্যাহত রেখেছে। গ্রীষ্মের পর থেকে এটা পঞ্চম দফায় বৃদ্ধি। গ্রীষ্মে সুদের হার ছিল ৭ দশমিক ৫ শতাংশ।

প্রসঙ্গত, ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর থেকে পশ্চিমা দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া, যা ২০২২ সালে দেশটির অর্থনীতিকে ২ দশমিক ১ শতাংশ সংকুচিত করে। সাম্প্রতিক তথ্যে দেখা যায় যে দেশটি তখন থেকে বিধিনিষেধের সঙ্গে অনেকাংশে খাপ খাইয়ে নিচ্ছে। অনেক আন্তর্জাতিক সংস্থাও সম্প্রতি রাশিয়ার জন্য তাদের অর্থনৈতিক পূর্বাভাস সংশোধন করছে। ইউরোপিয়ান কমিশনের সদস্যরা আশা করেন, ২০২৪ ও ২৫ উভয় বছরই ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি করবে রাশিয়া।