ফিউচার মার্কেটে কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের দাম। এ নিয়ে টানা দ্বিতীয় কার্যদিবসে পণ্যটির দাম কমল। বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশটিতে পাম অয়েলের মজুদ বৃদ্ধি দাম কমাতে সহায়তা করেছে। খবর বিজনেস রেকর্ডার।

বাজারসংশ্লিষ্টরা জানান, বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রফতানিকারক ইন্দোনেশিয়া পাম অয়েলের কার্যকরী রফতানি শুল্ক কমিয়েছে। কিন্তু মালয়েশিয়া এ শুল্ক বৃদ্ধি করায় আন্তর্জাতিক ক্রেতাদের কাছে দেশটির পাম অয়েল আকর্ষণ হারিয়েছে। মজুদের পাশাপাশি এ বিষয়ও দাম কমাতে সহায়তা করছে।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে নভেম্বরে সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান বাজার আদর্শ পাম অয়েলের দাম ১১২ রিঙ্গিত বা ২ দশমিক ৯ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪৪ রিঙ্গিত বা ৮২৫ ডলার ৯৪ সেন্টে।

রয়টার্সের এক সমীক্ষা বলছে, গত মাসে দুই বছরের মধ্যে প্রথমবারের মতো ২০ লাখ টন স্পর্শ করেছে মালয়েশিয়ার পাম অয়েলের মজুদ। পণ্যটির ঊর্ধ্বমুখী উৎপাদন মজুদ বাড়ার ক্ষেত্রে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে।

সমীক্ষার তথ্য বলছে, আগস্টে দেশটিতে পাম অয়েলের মজুদ দাঁড়িয়েছে ২০ লাখ ৩০ হাজার টন। গত বছরের একই সময়ের তুলনায় মজুদ ১৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এটি ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ।

গত মাসে দেশটিতে পণ্যটির উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ টনে। এর মধ্য দিয়ে উৎপাদন ১০ মাসের সর্বোচ্চে উঠে এসেছে।

সিঙ্গাপুরভিত্তিক পাম অয়েল অ্যানালিটিকসের সহপ্রতিষ্ঠাতা সাথিয়া ভারকা বলেন, মৌসুমে সর্বোচ্চ উৎপাদন হয় আগস্টে। এ সময় পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে মাটির আর্দ্রতা ও উর্বরতা বাড়ে, যা উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। তবে চলতি মাসে উৎপাদন বৃদ্ধির গতি কিছুটা শ্লথ হয়ে পড়তে পারে।

এদিকে গত মাসে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি কমেছে। এ সময় দেশটি ১৩ লাখ ২০ হাজার টন পাম অয়েল রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ১৪ শতাংশ কম। বিশ্লেষকরা জানান, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইন্দোনেশিয়ার সঙ্গে মূল্যবৃদ্ধিজনিত প্রতিযোগিতা বেড়েছে। এ কারণে রফতানিতে পিছিয়ে মালয়েশিয়া।

তথ্য বলছে, গত মাসে মালয়েশিয়ান বাজার আদর্শ পাম অয়েলের দাম ৩ দশমিক ৪ শতাংশ কমেছে। এ নিয়ে টানা চার মাস নিম্নমুখী মালয়েশিয়ান পাম অয়েলের বাজার। তবে টানা দুই সপ্তাহ অব্যাহত কমার পর চলতি সপ্তাহে দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে।