ইউরোপের বাইরের দেশগুলোয় ফ্রান্সের গম রফতানি কমার পূর্বাভাস মিলেছে। প্রতিযোগী দেশগুলোর রফতানি বাড়ায় এমন পূর্বাভাস দিয়েছে কৃষিপণ্যের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ফ্রান্সএগ্রিমার।

সম্প্রতি প্রকাশিত সরবরাহ ও চাহিদাসংক্রান্ত প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, ২০২২-২৩ বিপণন মৌসুমে ইউরোপের বাইরে ফ্রান্সের গম রফতানির পরিমাণ দাঁড়াতে পারে এক কোটি টনে। জুলাইয়ে দেয়া পূর্বাভাসে রফতানির পরিমাণ ধরা হয়েছিল ১ কোটি ৩ লাখ টন। তবে রফতানি পূর্বাভাস কমানো হলেও তা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।

ফ্রান্স ইউরোপের শীর্ষ গম রফতানিকারক দেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণ সাগরীয় অঞ্চল থেকে সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দেশটির রফতানি বেড়ে যায়।

তথ্য বলছে, চলতি মৌসুমে রাশিয়ায় রেকর্ড পরিমাণ গম উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে দেশটির রফতানি ঘুরে দাঁড়াচ্ছে। অন্যদিকে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার একটি চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় ইউক্রেন সমুদ্রবন্দর দিয়ে আবারো গমসহ অন্যান্য খাদ্যশস্য রফতানি শুরু করেছে।