গত মার্চে বৈশ্বিক ক্রেডিট রেটিং সংস্থা ফিচ ২০২৩-২৪ অর্থবছরের জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করে। কারণ হিসেবে উল্লেখ করা হয় মূল্যস্ফীতি ও সুদহারের সঙ্গে বিশ্বব্যাপী চাহিদা হ্রাসকে। সম্প্রতি পূর্বাভাস সংশোধন করেছে সংস্থাটি। গতকাল প্রকাশিত ফিচ রেটিংয়ে ২০২৩-২৪ অর্থবছর ঘিরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ দশমিক ৩ শতাংশে উন্নীত করা হয়। অর্থাৎ ৬ শতাংশ থেকে তিন শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে প্রত্যাশিত জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশটির অর্থনৈতিক কার্যক্রমের শক্তিশালী পুনরুদ্ধারের ফলে আগের পূর্বাভাসের পরিবর্তন এনেছে ফিচ। ২০২৩ অর্থবছরের ৭ দশমিক ২ শতাংশ জিডিপি সম্প্রসারণের সঙ্গে তুলনা করে প্রবৃদ্ধির পরিবর্তিত পূর্বাভাসটি দেয়া হয়েছে। ২০২২ অর্থবছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ১ শতাংশ।
ফিচের পক্ষ থেকে বলা হয়, ভারতের অর্থনীতি বড় ধরনের পুনরুদ্ধারের পথে রয়েছে। ২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বছরওয়ারি জিডিপি ৬ দশমিক ১ শতাংশ বেড়েছে। পারচেজিং ম্যানেজারস ইনডেস্ক (পিএমআই) এবং ঋণবিষয়ক কার্যক্রমও শক্তিশালী রয়েছে। সাম্প্রতিক মাসগুলোয় গাড়ি বিক্রয়ও বেড়েছে। সব মিলিয়ে আমরা ২০২৪ সালের মার্চে শেষ হওয়া চলতি অর্থবছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস দশমিক ৩ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৬ দশমিক ৩ শতাংশ করেছি।
উচ্চ মূল্যস্ফীতি ও সুদহারের পাশাপাশি বৈশ্বিক চাহিদা হ্রাসের মতো বৈরী আবহের কারণে গত মার্চে ২০২৩-২৪ অর্থবছর ঘিরে ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাসকে ২ শতাংশ পয়েন্ট কমিয়ে ৬ শতাংশ করে ফিচ। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় চলতি অর্থবছরের পাশাপাশি পরবর্তী দুটি অর্থবছর ঘিরেও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ানো হয়। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ হবে বলে প্রত্যাশা করেছে সংস্থাটি। কেননা মূল্যস্ফীতি হ্রাস ও স্থানীয় অর্থনীতির সম্প্রসারণ অনুকূল পরিস্থিতির আভাস দিচ্ছে।
জানুয়ারি-মার্চে ভারতের জিডিপি প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় বেশি হয়েছে বলে উল্লেখ করে ফিচ। এর আগে পরপর দুটি প্রান্তিকের সংকোচনের পর আবাসন ও নির্মাণ কার্যক্রম এবং কারখানা উৎপাদন বৃদ্ধির ফলে অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে বলে মনে করে সংস্থাটি।










