বৈশ্বিক
অর্থনীতিতে শ্লথগতি স্বত্ত্বেও চলতি বছরে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয়
রেমিট্যান্স প্রবাহ বাড়বে। বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩
সালে দরিদ্র ও মাঝারি আয়ের দেশগুলো ৬৫ হাজার ৬০০ কোটি ডলার রেমিট্যান্স পাবে। যা
২০২২ সালের চেয়ে ১ দশমিক ৪ শতাংশ বেশি। খবর দ্য ন্যাশনাল।
বিশ্ব
ব্যাংকের নতুন অভিবাসন ও উন্নয়নবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত বছর নিম্ন ও মাঝারি
আয়ের দেশগুলোয় রেমিট্যান্স প্রবাহ হয়েছিল ৬৪ হাজার ৭০০ কোটি ডলার। পূর্ববর্তী
বছরের চেয়ে যা ৮ শতাংশ বেড়েছিল।
২০২২
সালে রেমিট্যান্স প্রাপ্তিতে শীর্ষ দেশ ছিল ভারত। এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনীতিটি ১১
হাজার ১০০ কোটি ডলার রেমিট্যান্স গ্রহণ করেছিল। দ্বিতীয় সর্বোচ্চ ৬ হাজার ১০০ কোটি
ডলার রেমিট্যান্স গ্রহণ করেছে মেক্সিকো। এশিয়ার শীর্ষ অর্থনীতি চীনে রেমিট্যান্স
এসেছে ৫ হাজার ১০০ কোটি ডলার। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিলিপাইনের
রেমিট্যান্স প্রাপ্তি ছিল ৩ হাজার ৮০০ কোটি ডলার। দক্ষিণ এশীয় দেশ পাকিস্তানে
রেমিট্যান্স এসেছে ৩ হাজার কোটি ডলার।
গত
মার্চে পরিচালিত ওয়েস্টার্ন ইউনিয়নের এক জরিপে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে কর্মরত
প্রতি চার অভিবাসী শ্রমিকের তিনজনই স্বদেশে রেমিট্যান্স বাড়ানোর আশা প্রকাশ
করেছেন। নিম্ন ও মাঝারি আয়ের দেশ থেকে আসা এসব অভিবাসী শ্রমিক স্বদেশে মূল্যস্ফীতি
ও খানা ব্যয় বৃদ্ধির প্রভাব মোকাবেলায় এমনটা করবেন বলে জানিয়েছেন।
ওয়েস্টার্ন
ইউনিয়নের ৩০ হাজার ৬০০ ভোক্তার উপর পরিচালিত এ জরিপে দেখা গেছে, গত কয়েক বছরে
রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছেন তিন-চতুর্থাংশ ভোক্তা। বিশ্বব্যাপী জীবনযাপন ব্যয়
বৃদ্ধিতে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় তারা এমনটা করেছেন। এদিকে ৭৯ শতাংশ
গ্রহীতা বলেন, চলতি বছরে তারা প্রবাসে প্রিয়জনদের কাছে অধিক অর্থ দাবি করবেন।










