যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি শিগগিরই কমবে বলে মনে করছেন না বিশ্লেষকরা। বাজারের বর্তমান পরিস্থিতি ও বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া দেখে এমনটাই পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাকস গ্রুপ। খবর দ্য ন্যাশনাল।
গোল্ডম্যান স্যাকসের জ্যেষ্ঠ কর্মকর্তা প্রবীণ কোরাপাতি বলেন, ‘বিনিয়োগকারীরা বর্তমানে অনেক কিছুই ভাবছেন। তাদের ধারণা, প্রবৃদ্ধি সামান্য কম হলেও দামের ওপর চাপ কমতে থাকবে। জ্বালানি দামও নিম্নমুখী হয়ে আসবে। যার প্রভাব পড়বে অন্য পণ্যের দামে। কিন্তু দাম কমানোর ক্ষেত্রে আমাদের সক্ষমতায় ঘাটতি রয়েছে। মূল্যস্ফীতির প্রধান নিয়ামকগুলোকে এখনো উপেক্ষা করা হচ্ছে। যদিও আমরা প্রত্যাশা রাখি মূল্যস্ফীতি কমার ক্ষেত্রে, কিন্তু মূল্যস্ফীতি কমার গতি নিয়ে বাজারে একটু বেশিই আশাবাদ ব্যক্ত হচ্ছে। প্রত্যাশার অনুপাতে কমবে না মূল্যস্ফীতি।’
ফেডের মুক্তবাজার কমিটি সুদহার বৃদ্ধি স্থগিত করে রেখেছে। যদিও নীতিনির্ধারকরা মনে করছেন, ব্যাংকঋণে সুদহার আরো বাড়বে। বিশেষ করে দ্রব্যমূল্যের চাপ ও শ্রমবাজারের পরিস্থিতির কারণে। মার্কিন মূল্যস্ফীতি ৪০ বছরের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। মূল্যস্ফীতির বর্তমান সূচক দাঁড়িয়ে আছে ৯ দশমিক ১ শতাংশে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ফান্ডস্ট্র্যাট’সের প্রধান গবেষক টম লি মনে করেন, দ্রব্যমূল্য কিছুটা কমতে পারে। বিশেষ করে চলতি বছরে। বাসা ভাড়া কিংবা ভোক্তাব্যয়ও কমতে পারে। স্টক মার্কেটের চালচিত্র দেখেও সেটাই মনে হচ্ছে। তার ভাষায়, মূল্যস্ফীতির চলমান যুদ্ধের সমাপ্তি টানতে পারে ফেড। মানুষ বিশ্বাস করে চলতি বছরেরই কোনো এক সময় এটি কমবে।










