রাশিয়ান কয়লার ওপর থেকে নির্ভরতা কমিয়ে এনেছে জাপান। বিদ্যুৎ কোম্পানি ও অন্য ক্রেতারা বর্তমানে ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ ভিন্ন উৎস থেকে জ্বালানিটির সরবরাহ নিশ্চিত করছে। খবর নিক্কেই এশিয়া।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জাপান রাশিয়া থেকে ২ লাখ ৩০ হাজার টন তাপীয় কয়লা আমদানি করে। গত বছরের একই সময়ের তুলনায় যা ৭৩ শতাংশ কম। দেশটির অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
জাপান গত বছর কয়লা আমদানিতে রাশিয়ার ওপর থেকে নির্ভরতা শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা নেয়। উদ্দেশ্য দেশটির জ্বালানি রফতানি আয় কমিয়ে আনা। সে পরিকল্পনায় সাফল্য আসতে শুরু করেছে। বর্তমানে মোট আমদানীকৃত কয়লার মাত্র ২ শতাংশ আসছে রাশিয়া থেকে। গত বছরের একই সময় যা ছিল ৯ শতাংশ।
জাপান গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়া থেকে ৬৫ লাখ টন তাপীয় কয়লা আমদানি করেছে। এর আগের বছরের একই সময়ের তুলনায় আমদানি ৪৫ শতাংশ কমেছে।
একই সময় ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি ২৮ শতাংশ বাড়িয়েছে জাপান। এর মধ্য দিয়ে দেশটি রাশিয়াকে ছাড়িয়ে জাপানের শীর্ষ সরবরাহকারী দেশে পরিণত হয়েছে। কানাডা থেকে আমদানি প্রায় দ্বিগুণ হয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি বেড়েছে ছয় গুণ।










