ইন্দোনেশিয়া থেকে ৩১৬ কোটি ডলার মূল্যের ২৬ লাখ টন পাম অয়েল আমদানির প্রতিশ্রুতি দিয়েছে ভারত। সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী।

বিবৃতিতে বলা হয়, ভারত সফরকালে ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী ডজনখানেক চুক্তি স্বাক্ষর করেছেন। এসব চুক্তির অংশ হিসেবেই ভারত এ পরিমাণ পাম অয়েল আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। তবে বিবৃতিতে এসব পাম অয়েলের রফতানি সময়সীমা জানায়নি বাণিজ্য মন্ত্রণালয়।

তথ্য বলছে, গত জুলাইয়ে ভারতের পাম অয়েল আমদানি আগের মাসের তুলনায় ১০ শতাংশ কমেছে। দেশটির তেল পরিশোধনকারীদের সয়াবিন তেল ক্রয়ের পরিমাণ বাড়ায় পাম অয়েলের আমদানি কমেছে। অন্যদিকে নয়াদিল্লির ভোজ্যতেল আমদানিতে শুল্ক ছাড় দেয়ার পদক্ষেপও আমদানি কমাতে সহায়তা করেছে বলে দাবি করছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

দ্য সলভেন্ট এক্সট্রাক্টর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ) এক বিবৃতিতে জানায়, জুলাইয়ে ভারতের পাম অয়েল আমদানি কমে ৫ লাখ ৩০ হাজার ৪২০ টনে নেমেছে। জুনে আমদানির পরিমাণ ছিল ৫ লাখ ৯০ হাজার ৯২১ টন। সেখানে জুলাইয়ে সয়াবিন তেল আমদানি ১২৫ শতাংশ বেড়েছে, যা রেকর্ড সর্বোচ্চ। ওই মাসে ৫ লাখ ১৯ হাজার ৫৬৬ টন সয়াবিন তেল আমদানি করে দেশটি। জুলাইয়ে সূর্যমুখী তেল আমদানি ৩০ শতাংশ বেড়ে ১ লাখ ৫৫ হাজার ৩০০ টনে উন্নীত হয়েছে।