মিসরের সাফাগা সমুদ্রবন্দর উন্নয়নের লক্ষ্যে রেড সি পোর্টস অথরিটির (আরএসপিএ) সঙ্গে ২০ কোটি ডলারের চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি (এডি) পোর্টস গ্রুপ। সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর করে মিসর ও ইউএই। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে এ চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর খালিজ টাইমস।
এডি পোর্টস গ্রুপের আঞ্চলিক নির্বাহী প্রধান আহমেদ আল-মুতাওয়া ও আরএসপিএর পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল ওসামা সালেহ কায়রোর মন্ত্রিসভার সদর দপ্তরে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সেখানে কায়রো মন্ত্রিসভার সদস্য মাদবৌলিসহ মিসরের পরিবহনমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কামেল এল ওয়াজির, আরব আমিরাতের রাষ্ট্রদূত মরিয়ম আল কাবি ও এডি পোর্টস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী প্রধান ক্যাপ্টেন মো. জুমা আল শামিসি উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত চুক্তিটি দুই দেশের বন্দরে কৌশলগত ও অংশীদারত্বমূলক ব্যবসায়িক অগ্রগতি নিশ্চিত করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন, স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে আগামী তিন বছরে এ ২০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। যাতে লোহিত সাগরের সাফাগা বন্দরে দুই দেশের ব্যবসায়িক সুযোগ-সুবিধা সৃষ্টির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রভাব সৃষ্টি করা যায়।
এ বিনিয়োগ সাফাগা বন্দরের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সরঞ্জাম এবং বেশকিছু ভবন নির্মাণকাজে ব্যবহার করা হবে। এছাড়া এ প্রকল্পের মাধ্যমে ওই অঞ্চলের ব্যবসায়িক বিনিয়োগ সাশ্রয় হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ২০২৫ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটি সংযুক্ত আরব আমিরাত ও মিসরের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন অনেকে। মিসরের বাণিজ্য অংশীদারের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে আবুধাবি। আরব দেশগুলোর সঙ্গে জ্বালানিবহির্ভূত বাণিজ্য সম্পর্কে আরব আমিরাতের পঞ্চম অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হচ্ছে মিসর।
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন দেশে জ্বালানিবহির্ভূত খাতে বিনিয়োগ বাড়িয়ে দিয়েছে। দেশটি আজারবাইজানে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে। তুরস্কে ৫৬০ কোটি ডলার বিনিয়োগ করবে। ব্রাজিলে দেশটির বিনিয়োগ দাঁড়িয়েছে ৫০০ কোটি ডলারে। আর ভারতে ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।










