রাশিয়া এ বছর বন্ধু দেশগুলোতেই সিংগভাগ জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্য রফতানি করবে। এসব দেশে রফতানি হিস্যা ৭৫-৮০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে মস্কোর। সম্প্রতি রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এ কথা জানিয়েছেন। খবর আরটি।
এনার্জি পলিসি ম্যাগাজিনে দেয়া এক নোটে তিনি বলেন, ‘যেসব দেশ অবৈধভাবে রুশ জ্বালানি ওপর মূল্যসীমা বেঁধে দিয়েছে, তাদের জন্য আমাদের অবস্থান সুস্পষ্ট ও অপরিবর্তিতই থাকবে। এসব দেশ রাশিয়ান জ্বালানি তেলের সরবরাহ পাবে না। গত বছর রাশিয়া ৫৩ কোটি ৫২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে, যা আগের বছরের চেয়ে ২ শতাংশ বেশি। ওই বছর রফতানি করা হয়েছে ২৪ কোটি ২০ হাজার টন। ২০২১ সালের তুলনায় রফতানি ৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে।’
বন্ধু দেশগুলোয় সরবরাহ ঢেলে সাজাতে রাশিয়া একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। এর মূল উদ্দেশ্য ছিল কজমিনো বন্দর দিয়ে জ্বালানি পরিবহন বাড়ানো। প্রকল্পটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রতি বছর ৪ কোটি ২০ লাখ টন জ্বালানি তেল রফতানি বাড়াতে সহায়তা করবে।
পশ্চিমা নিষেধাজ্ঞার পর থেকেই জ্বালানি তেলের রফতানি গন্তব্যে বৈচিত্র্য আনার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। ইউরোপীয় ইউনিয়ন দেশটি থেকে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ ঘোষণা করেছে। তার ওপর এসব পণ্যে প্রাইস ক্যাপ বেঁধে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি পাইস ক্যাপ চুক্তিতে অংশ নিয়েছে জি৭-ভুক্ত দেশগুলো, অস্ট্রেলিয়া ও জাপান।










