ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ বা ব্রেক্সিট ইস্যু এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনার সমাধান না হওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে বৈশ্বিক বাণিজ্যে। যার প্রভাব পড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের ওপর। গতকাল ফের ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে। খবর রয়টার্স।

বাণিজ্য অনিশ্চয়তায় স্বর্ণের বাজার দীর্ঘদিন ধরে চাঙ্গা রয়েছে। মাঝে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য আলোচনার সম্ভাবনায় দাম কিছুটা কমেছিল। কিন্তু বিনিয়োগকারীরা এখনো এ আলোচনার স্পষ্ট কোনো সফলতা দেখছেন না। যার ফলে আবারো মূল্যবান ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ বৃহস্পতিবার স্বর্ণের স্পটমূল্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দিন শেষ হয়। এদিন প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪৯৯ ডলার ১৫ সেন্টে। যদিও সাপ্তাহিক হিসাবে ধাতুটির দাম কমেছে দশমিক ৩ শতাংশ। অন্যদিকে এদিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ স্বর্ণের মূল্য দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সের দাম দাঁড়ায় ১ হাজার ৫০২ ডলার ৩০ সেন্টে।

অন্যদিকে স্বর্ণের পাশাপাশি এদিন আরেক মূল্যবান ধাতু প্যালাডিয়ামের মূল্য দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সের দাম ১ হাজার ৭০৩ ডলার ৪৪ সেন্টে পৌঁছায়। এছাড়া দিন শেষে ধাতুটির প্রতি আউন্সের দাম সর্বোচ্চ ১ হাজার ৭০৪ ডলার ৫৯ সেন্টে পৌঁছায়, যা সাপ্তাহিক মূল্যবৃদ্ধির ২ শতাংশের সমান।

এছাড়া প্লাটিনামের মূল্য দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৯০৩ ডলার ২৪ সেন্ট। আর সিলভারের মূল্য ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাম দাঁড়িয়েছে ১৭ ডলার ৬৬ সেন্ট।

সিঙ্গাপুরের গোল্ড সিলভার সেন্টালের ব্যবস্থাপনা পরিচালক ব্রেইন ল্যান বলেন, বৈশ্বিক বাণিজ্য ক্ষেত্রে ইতিবাচক খবর থাকলেও এখন পর্যন্ত কোনো স্পষ্ট সমাধান আসেনি। যে কারণে বাজারে এখন অনিশ্চয়তা চলছে। ব্রেক্সিটসহ এখনো অনেক বিষয়ে ঝুলে আছে। সময় চলে গেলেও এসব বিষয়ে কোনো সমাধান হয়নি। এমনকি হংকংয়ের বিষয়েও সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যা বাণিজ্য অনিশ্চয়তা তৈরি করেছে।

চলমান বাণিজ্য আলোচনার মধ্যে চীনের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাতের আভাস দেয়ায় ইকুইটি মার্কেটও চাঙ্গা হয়। এছাড়া হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম দিনে চীনের সঙ্গে আগের যেকোনো সময়ের তুলনায় ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তবে খাতসংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশ মুদ্রা এবং কপিরাইট সংরক্ষণের বিষয়ে চুক্তিতে পৌঁছাতে পারলেও বিতর্কিত অনেক বিষয়ে কোনো সমাধানে আসতে পারছে না।