বৈদ্যুতিক গাড়িবাজারে বিস্তৃত চাহিদা পূরণে ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জরুরি উপকরণের মজুদ বৃদ্ধিতে লিথিয়ামের দাম বেড়েছে। বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্স বলছে, চীনে গুরুত্বপূর্ণ শিল্প উপকরণটির দাম সর্বকালের সর্বোচ্চে দাঁড়িয়েছে।
ব্যাটারি সরবরাহ চেইন বিশ্লেষক প্রতিষ্ঠানটি জানায়, চীনে ব্যাটারি গ্রেড লিথিয়াম কার্বোনেটের দাম গত সপ্তাহে ১ দশমিক ৭ শতাংশ বেড়ে টনপ্রতি ৭৪ হাজার ৪৭৫ ডলারে দাঁড়িয়েছে। ২০২২ সালে লিথিয়ামের এ ভ্যারিয়েন্টের দাম এখন পর্যন্ত দ্বিগুণের বেশি বেড়েছে। উচ্চ নিকেলযুক্ত লিথিয়াম হাইড্রোক্সাইডের দাম চলতি বছরে ১৫০ শতাংশ বেড়েছে। চলতি সপ্তাহে টনপ্রতি ৭৩ হাজার ৯২৫ ডলারে দাঁড়িয়েছে লিথিয়াম হাইড্রোক্সাইডের দাম।
বেঞ্চমার্ক মিনারেল ইন্টেলিজেন্স বলছে, ইভি বাজারে ব্যাপক চাহিদায় ভর করে টানা ২৪ মাস বেড়েছে লিথিয়ামের দাম। রো মোশনের বরাতে জানা গিয়েছে, গত সেপ্টেম্বরে বৈশ্বিক বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি প্রথমবারের মতো ১ মিলিয়ন বা ১০ লাখ ছাড়িয়েছে।










