ফলন বাড়ার সঙ্গে সঙ্গে কৃষকরা আবাদি জমির পরিমাণ বাড়িয়ে দেয়ায় ভারতে পাম অয়েল উৎপাদন বাড়বে বলে পূর্বাভাস করেছেন খাতসংশ্লিষ্টরা। এ ধারাবাহিকতায় আগামী পাঁচ বছর দেশটির পাম অয়েল উৎপাদন বেড়ে দ্বিগুণ হতে পারে। খবর রয়টার্স ও ইকোনমিক টাইমস।
ভারত বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক দেশ। পণ্যটির অভ্যন্তরীণ ব্যবহারের প্রায় দুই-তৃতীয়াংশ বাইরে থেকে আমদানি করে দেশটি। এ পরিস্থিতিতে আমদানিতে নিরুৎসাহিত করে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে তেলবীজ আমদানিতে বাড়তি কর ধার্য করেছে দেশটি। ফলে অভ্যন্তরীণ আবাদে অধিক জোর দিচ্ছেন খাতসংশ্লিষ্টরা। আগামী পাঁচ বছরের মধ্যে দেশটির পাম অয়েল উৎপাদন বেড়ে দাঁড়াতে পারে ছয় লাখ টনে।
গোদরেজ এগ্রোভেট লিমিটেডের পাম অয়েল প্লানটেশনের প্রধান নাসিম আলি বলেন, পাম অয়েল উৎপাদন দ্রুতগতিতে বাড়ছে। দিন দিন আরো বেশি পরিমাণ জমি পণ্যটি চাষের অন্তর্ভুক্ত হচ্ছে।










