মালয়েশিয়ায় বিস্তৃত হচ্ছে চীনা বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। দেশটিতে বিওয়াইডির একমাত্র পরিবেশক সাম ডার্বি মোটরস। দেশজুড়ে ইভি সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ১৪টি ডিলার নিযুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে দিয়ে বিওয়াইডির ডিলারশিপ দেশটিতে ২১ অতিক্রম করল। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

সাম ডার্বি মোটরসের খুচরা বিক্রয় ও ব্যবস্থাপনা প্রধান জেফরি গ্যান জানিয়েছেন, চাহিদার ওপর ভিত্তি করে আগামী দিনগুলোয় সংখ্যাটি আরো বাড়ানো হবে। তিনি বলেন, ‘‌উদ্যোগটি প্রমাণ করে মালয়েশিয়ার গাড়ি শিল্পের ক্ষেত্রে বিদ্যুচ্চালিত গাড়ি ক্রমেই শক্তিশালী অবস্থান তৈরি করছে। উদীয়মান বাজারে চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে আমরা সব দিক থেকেই প্রস্তুত।’

বিওয়াইডি মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইগল চাও দাবি করেছেন, সাম ডার্বি মোটরস ও বিওয়াইডির চুক্তিটি পরিবহন ব্যবস্থাকে কার্বনমুক্ত করার পথে আরো একটি উল্লম্ফন। পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনার ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করল।