স্পেনে প্রাকৃতিক গ্যাস সরবরাহের দিক থেকে পুনরায় শীর্ষস্থান দখলে নিয়েছে আলজেরিয়া। ২০২৩ সালের জানুয়ারিতে দেশটি আগের অবস্থানে ফিরে আসতে সক্ষম হয়। এনাগ্যাসের তথ্যানুযায়ী, স্পেনের মাসিক চাহিদার ২৫ শতাংশ সরবরাহ করে আলজেরিয়া। খবর অয়েলপ্রাইস।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, এনাগ্যাস যখন তথ্য সংরক্ষণ শুরু করেছে, সে সময় থেকে স্পেনে প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী হিসেবে আলজেরিয়া শীর্ষে ছিল। কিন্তু ২০২২ সালের জানুয়ারিতে পশ্চিম সাহারার বিতর্কিত এলাকায় মরক্কোর স্বায়ত্তশাসনের পক্ষে মত দেয়ায় আলজেরিয়া-স্পেন সম্পর্কের অবনতি হতে থাকে। সে সময় প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী হিসেবে যুক্তরাষ্ট্র শীর্ষে উঠে আসে। স্পেনের স্বীকৃতির পর ২০২১ সালের শেষ প্রান্তিকে সাবেক মাগরেড-ইউরোপ পাইপলাইনটি বন্ধ করে দেয়া হয়।

আলজেরিয়া সরকার এক বিবৃতিতে জানায়, পাইপলাইন বন্ধ করে দেয়ার ঘটনায় দেশটি ২০০২ সালের স্পেনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, ভালো প্রতিবেশী ও সহযোগিতামূলক যে চুক্তি স্বাক্ষর করেছিল তা বাতিল করে দেয়। ২০২২ সালের অক্টোবরে আলজেরিয়ার সোনাট্রাচ ও স্পেনের ন্যাচারজি ২০২২ ন্যাটের গ্যাসের দাম সংশোধন করে। কিন্তু চলতি বছর গ্যাসের দাম কেমন হবে সে-সংক্রান্ত কোনো আলোচনা করেনি।

গত অক্টোবর থেকে রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, সোনাট্রাচ কয়েক দশক আগে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী স্পেনে প্রতি বছর প্রায় ৫০০ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করে। এ দশকের শেষ পর্যন্ত চুক্তিটির মেয়াদ রয়েছে। স্পেনে গ্যাস সরবরাহের জন্য যে চুক্তি হয়েছে তার সব শর্ত পূরণে সম্মত হয়েছে আলজেরিয়া। যদিও উত্তেজনা বেড়ে যাওয়ায় গত জুনে মাদ্রিদ থাকা রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছিল দেশটি।

এনাগ্যাস ডাটার তথ্যানুযায়ী, গত মাসে মেডগ্যাজ পাইপলাইনের মাধ্যমে আলজেরিয়া থেকে স্পেনে ৮ হাজার ৫৪৫ গিগাওয়াট আওয়ার গ্যাস এসেছে। জানুয়ারির তথ্যানুযায়ী, স্পেনের মোট চাহিদার ২০ দশমিক ৭ শতাংশ প্রাকৃতিক গ্যাস সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ২০ দশমিক ২ শতাংশ গ্যাস সরবরাহের মাধ্যমে নাইজেরিয়া তৃতীয় অবস্থানে ছিল।

গত সপ্তাহে এক প্রতিবেদনে এনাগ্যাস জানায়, স্পেন থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী জাহাজের সংখ্যা ২০২১ সালের তুলনায় দ্বিগুণ বেড়েছে।