বছরের শুরুতে বৈদেশিক বাণিজ্যে বড় অংকের উদ্বৃত্ত অর্জন করেছে জার্মানি। এ সময় দেশটি থেকে রফতানি বাড়লেও আমদানি কমেছে। এছাড়া রাশিয়ার সঙ্গে আমদানি-রফতানি দুই ক্ষেত্রেই আগের বছরের একই সময়ের চেয়ে বড় ধরনের পতন ঘটেছে। সব মিলিয়ে জানুয়ারিতে বৈদেশিক বাণিজ্যে জার্মানির উদ্বৃত্ত ছিল প্রায় ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলার। খবর আনাদোলু।

সম্প্রতি দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষের এক বিবৃতিতে আমদানি-রফতানির বিস্তারিত তথ্য তুলে ধরে। সেখান থেকে জানা যায়, জানুয়ারিতে জার্মানির বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত ছিল ২৯ দশমিক ৮৭ বিলিয়ন বা ২ হাজার ৯৮৭ কোটি ডলার।

বছরের প্রথম মাসে জার্মানি সর্বমোট ১৩ হাজার ৫৬০ কোটি ইউরোর পণ্য রফতানি করেছে, বার্ষিক হিসাবে এ খাতে দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। অন্যদিকে আমদানি ৮ দশমিক ৩ শতাংশ কমে এ খাতে খরচ হয়েছে ১০ হাজার ৮০০ কোটি ইউরো।

রফতানির অর্ধেকই হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশে, যার পরিমাণ ৭ হাজার ৫৮০ কোটি ইউরো। অন্যদিকে এ অঞ্চল থেকে আমদানি করেছে ৬ হাজার ১২০ কোটি ইউরোর পণ্য।

এছাড়া জানুয়ারিতে ইইউ-বহির্ভূত দেশে রফতানি করেছে ৫ হাজার ৯৭০ কোটি ইউরোর পণ্য ও আমদানি বাবদ খরচ করেছে ৪ হাজার ৬৮০ কোটি ইউরো।

একই সময়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্যে জার্মানির বড় ধরনের পতন দেখা গেছে। বছরওয়ারি হিসাবে রফতানি ৩৪ দশমিক ২ শতাংশ কমে ৭০ কোটি ইউরোয় নেমেছে। অন্যদিকে আমদানি ৮২ দশমিক ৪ শতাংশ কমে ২০ কোটি ইউরোয় থেমেছে। 

এদিকে বড় অর্থনীতির দেশ হিসেবে সম্প্রতি জার্মানির মুকুটে নতুন পালক যোগ হয়েছে। মন্দাক্রান্ত জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে ইউরোপের দেশটি।