২০২২-২৩ বিপণন মৌসুমে এখন পর্যন্ত ইউক্রেনের খাদ্যশস্য রফতানি ২৮ দশমিক ৭ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯২ লাখ টনে। এর আগের মৌসুমের একই সময় দেশটি ৪ কোটি ৯ লাখ টন শস্য রফতানি করেছিল। রুশ সামরিক আগ্রাসনের কারণে শস্যের আবাদ ও উত্তোলন লক্ষণীয় মাত্রায় কমেছে। পাশাপাশি লজিস্টিকস সংকটও রফতানি কমার পেছনে বড় ভূমিকা রেখেছে। দেশটির কৃষি মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের জুনে ২০২২-২৩ বিপণন মৌসুম শেষ হবে। মৌসুমের এখন পর্যন্ত ইউক্রেন ১ কোটি ৪ লাখ টন গম রফতানি করেছে। এছাড়া ১ কোটি ৬৭ লাখ টন ভুট্টা ও ১৯ লাখ টন যব রফতানি হয়েছে।
মন্ত্রণালয় বলছে, চলতি মাসের প্রথমার্ধে ইউক্রেন ২২ লাখ টন খাদ্যশস্য রফতানি করেছে। গত বছরের একই সময় রফতানি করা হয়েছিল ২৪ লাখ টন। সে হিসাবে রফতানি দুই লাখ টন কমেছে।
প্রসঙ্গত, রাশিয়ার হামলার কারণে গত বছর ছয় মাস কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি বন্ধ ছিল। জুলাইয়ে জাতিসংঘের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি চুক্তি হলে রফতানি আবার চালু হয়। কিন্তু এখনো সেটি যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরতে পারেনি।










