আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম কমেছে। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীনে চাহিদা কিছুটা হ্রাস পাওয়ায় গত দুই সপ্তাহের মধ্যে লৌহ আকরিকের দর নিম্নমুখী। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

গত নভেম্বরে সমস্যাজর্জরিত সম্পত্তি খাতে সহায়তার আশ্বাস দেয় চীনা সরকার। সেই সঙ্গে করোনা বিধিনিষেধ তুলে নেয় তারা। এতে দেশটির শিল্প-কারখানায় কার্যক্রম গতি পায়। ফলে আকরিক লোহার চাহিদা বাড়ে। তাতে কঠিন ধাতুটির দামও বেড়ে যায়। শুধু চলতি বছরের জানুয়ারি পর্যন্ত আকরিক লোহার দর ৯ শতাংশের বেশি বেড়েছে।

অবশেষে আকরিক লোহার দাম কিছুটা নিম্নগামী হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে আকরিক লোহার সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৮৬৭ ইউয়ান বা ১২৯ ডলার ১৭ সেন্টে।