২০২৩ সালে ইতালিয়ান বিলাসপণ্য কোম্পানি প্রাডার নিট আয় বেড়েছে ১৭ শতাংশ। এশিয়ার বাজারে বিক্রি বৃদ্ধি ও মিউ মিউ ব্র্যান্ডের অসাধারণ চাহিদা কোম্পানিটির আয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। সম্প্রতি প্রাডার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। আগের বছরের প্রবৃদ্ধির ধারা বজায় রেখে ২০২৪ সালে আয়ের পরিমাণ আরো বাড়বে বলে আশা করছে কোম্পানিটি। খবর রয়টার্স।
লাক্সারি গ্রুপটি গত বছর নিট আয় করেছে ৪৭০ কোটি ইউরো বা ৫১০ কোটি ডলার। এ আয়ের পরিমাণ বিশ্লেষকদের পূর্বাভাসের সঙ্গে সংগতিপূর্ণ ছিল। চতুর্থ প্রান্তিকে ১৭ শতাংশ বিক্রি বৃদ্ধির পর তারা এমন পূর্বাভাস দিয়েছিলেন। প্রাডার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আন্দ্রেয়া গুয়েরার এক কনফারেন্সে বিশ্লেষকদের জানিয়েছেন, ২০২৪ সালের প্রথম দুই মাসেও গত বছরের চতুর্থ প্রান্তিকের মতো প্রবণতা দেখা গেছে।
২০২৩ সালে সামগ্রিকভাবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রাডার বিক্রি বেড়েছে ২৪ শতাংশ। বছরের দ্বিতীয়ার্ধে কিছুটা ধীরগতির কারণে ইউরোপের বাজারে কোম্পানিটির বিক্রি কিছুটা কমে যায়। এতে অঞ্চলটিতে বিক্রি বৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ১৪ শতাংশ। এছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে প্রাডার চাহিদা ছিল স্থিতিশীল। এদিকে পরিচালন মুনাফা গত বছর ২৬ শতাংশ বেড়ে ১০৬ কোটি ইউরো হয়েছে।
কোম্পানিটির সিইও আন্দ্রেয়া গুয়েরা জানান, সামনেও তারা ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধি অর্জনের আশা করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘২০২৩ সালের মতো চলতি বছরে প্রান্তিকওয়ারি বৃদ্ধির প্রবণতা সারা বছর একই রকম নাও থাকতে পারে। তার পরও আমরা দৃঢ়, টেকসই ও বাজারের ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধি অর্জনের আশা রাখছি।’
১৯১৩ সালের ইতালির মিলানে প্রতিষ্ঠিত হয় বিলাসী ফ্যাশন হাউজ প্রাডা। এ গ্রুপের অধীনে রয়েছে মিউ মিউ, চার্চস, কার শু ও লুনার মতো পরিচিত ব্র্যান্ড। চামড়ার হাতব্যাগ, ভ্রমণ সামগ্রী, জুতা, পোশাকসহ অন্যান্য ফ্যাশন সামগ্রী তৈরি করে প্রাডা। এছাড়া প্রসাধনী ও পারফিউম খাতে রয়েছে এর আলাদা সুনাম।










