বাংলাদেশ ব্যাংকের ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমে অংশগ্রহণের লক্ষ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। কটেজ, মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতের প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করার উদ্দেশ্যে গৃহীত এই বিশেষ রিফাইন্যান্সিং উদ্যোগটি দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক কাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয় এ চুক্তি স্বাক্ষর। ইউনাইটেড ফাইন্যান্সের পক্ষ থেকে মোহাম্মদ আবুল আহসান, অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংক ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমটি তিন হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল হিসেবে নিজস্ব উৎস থেকে গঠন করেছে, যা দেশের বিভিন্ন সিএমএসএমই ক্লাস্টারকে শক্তিশালী করতে সহায়তা করবে। উদ্যোগটি এসএমইএসপিডি সার্কুলার নং ০১/২০২৫–এর আলোকে গৃহীত, যেখানে আর্থিক প্রতিষ্ঠানসমূহকে তাদের মোট সিএমএসএমই ঋণ ও অগ্রিমের কমপক্ষে ১০ শতাংশ ক্লাস্টারভিত্তিক খাতে বরাদ্দ দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইউনাইটেড ফাইন্যান্স ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম বাস্তবায়নের একটি আনুষ্ঠানিক অংশীদার হলো।

এর পাশাপাশি, ইউনাইটেড ফাইন্যান্স মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ উন্নয়নের লক্ষ্যে গঠিত ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ডে অংশগ্রহণের জন্যও একটি চুক্তি স্বাক্ষর করেছে। এটি দেড় হাজার কোটি টাকার একটি তহবিল।।

এ বিষয়ে ইউনাইটেড ফাইন্যান্সের অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবুল আহসান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রিফাইন্যান্সিং স্কিমের গর্বিত অংশীদার ইউনাইটেড ফাইন্যান্স। দেশের অর্থনীতির প্রকৃত চালিকাশক্তিদের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংকের সময়োপযোগী উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। অর্পিত দায়িত্ব সফলভাবে বাস্তবায়নে ইউনাইটেড ফাইন্যান্স প্রতিশ্রুতিবদ্ধ।’—সংবাদ বিজ্ঞপ্তি