এপ্রিলের পর যুক্তরাষ্ট্রে পুরনো গাড়ির দাম মে মাসেও কমায় পুরনো গাড়ির বাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খবর। এর আগে এ বছরের প্রথম তিন মাসে পুরনো গাড়ির দাম বেড়েছিল। খবর ফক্স বিজনেস।
গত মে মাসে বিশ্বের বৃহত্তম পাইকারি গাড়ির বাজার মানহাইমের ব্যবহৃত যানবাহনের মূল্য সূচক ২২৪ দশমিক ৫ পয়েন্টে নেমে এসেছে। এপ্রিলে এ সূচক ছিল ২৩০ দশমিক ৮ পয়েন্ট। মে মাসে এপ্রিলের চেয়ে ২ দশমিক ৭ শতাংশ এবং গত এক বছরের তুলনায় ৭ দশমিক ৬ শতাংশ কমেছে।
কভিড মহামারী-পরবর্তী সময়ে গাড়ির বাড়তি চাহিদার বিপরীতে ছিল জোগান সংকট। যার ফলে নতুন এবং পুরাতন উভয় ধরনের গাড়িরই দাম বেড়ে গিয়েছিল। পুরনো গাড়ির বাজারে দামের সাম্প্রতিক নিম্নমুখিতা নতুন ক্রেতাদের স্বাগত জানায়।










