সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের উন্নত ব্যাংকিং সেবা দিতে নিজেদের বিশেষায়িত ব্যাংকিং সেবা ‘দ্যুতি’-কে নতুন রূপে সাজিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। আধুনিকায়নকৃত এ সেবার আওতায় থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধাসংবলিত ‘দ্যুতি সেভিংস অ্যাকাউন্ট’ এবং নতুন ‘দ্যুতি স্যালারি অ্যাকাউন্ট’।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, দ্যুতি সেভিংস অ্যাকাউন্টে প্রথম বছর সম্পূর্ণ বিনামূল্যে একটি ভিসা মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড পাবেন গ্রাহকরা। ইন্টারসিটি ট্রানজেকশন ও এসএমএস অ্যালার্টের জন্য কোনো চার্জ দিতে হবে না। এছাড়া মাসিক গড় ব্যালান্স ৫০ হাজার টাকা বজায় রাখলে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফিও প্রযোজ্য হবে না। অ্যাকাউন্টটিতে মাসিক ইন্টারেস্টের পাশাপাশি ‘আস্থা’ অ্যাপ ব্যবহার ও ২৪/৭ কাস্টমার সাপোর্টের সুবিধা থাকছে।
অন্যদিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে বেতন পান, তাদের জন্য চালু করা হয়েছে দ্যুতি স্যালারি অ্যাকাউন্ট। এ অ্যাকাউন্টে অন্য ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে পাঁচবার বিনামূল্যে টাকা তোলার সুবিধা রয়েছে। প্রথমবার ১০ পাতার একটি চেকবইও বিনামূল্যে দেয়া হবে। পাশাপাশি পার্সোনাল লোন ও ক্রেডিট কার্ডে বিশেষ অফার থাকছে।
ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক বলেন, ‘রাষ্ট্র পরিচালনা ও দেশের সার্বিক উন্নয়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের পরিবর্তনশীল প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেয়াই “দ্যুতি”র লক্ষ্য।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন ‘দ্যুতি’ সেবা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজন অনুযায়ী সেভিংস ও স্যালারি অ্যাকাউন্টের সুবিধা বেছে নেয়ার সুযোগ দেবে। আগ্রহীরা ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে অথবা ২৪/৭ কল সেন্টারের ১৬২২১ নম্বরে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলতে পারবেন।










