ওয়াশিংটন-বেইজিং বাণিজ্য বিরোধ প্রতিনিয়ত আরো জটিল হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এবার রফতানিতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে চীন। সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহৃত কয়েকটি ধাতুর রফতানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সম্প্রতি চীনের বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

বেইজিং ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হাই-টেক মাইক্রোচিপকেন্দ্রিক প্রভাব বিস্তার নিয়ে চলমান দ্বন্দ্বের সর্বশেষ পদক্ষেপ এটি। চীনের রফতানিকারকদের গ্যালিয়াম ও জার্মেনিয়াম পণ্য রফতানিতে অনুমতি নিতে হবে। জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষার লক্ষ্যেই এ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে চীন। 

বেইজিংয়ের বিরল ধাতু রফতানি নিয়ন্ত্রণের পদক্ষেপটি একটি কৌশলগত সিদ্ধান্ত। ওয়াশিংটন চীনে হাই-টেক মাইক্রোচিপ সরবরাহের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এর প্রতিক্রিয়া হিসেবে চীন নতুন এ রফতানি নিষেধাজ্ঞার বিষয়ে ভেবেছে। চীনের রফতানি নিয়ন্ত্রণ আদেশ কার্যকর হবে আগামী ১ আগস্ট।