তবে বিএসইসির নির্দেশনা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ হয়েছে ১৩১ তালিকাভুক্ত কোম্পানি। গতকাল বিএসইসির সঙ্গে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ হওয়া কোম্পানিগুলোর প্রতিনিধিদের অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে সংস্থাটির করপোরেট গভর্ন্যান্স বিভাগ কর্তৃক এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এ সময় নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ কোম্পানিগুলোর কোম্পানি সচিবেরা উপস্থিত ছিলেন।

সভায় তালিকাভুক্ত কোম্পানিগুলোতে করপোরেট গভর্ন্যান্স কোড অনুসারে নারী পরিচালক নিয়োগের শর্ত পরিপালনের হালনাগাদ তথ্য উপস্থাপন করা হয়। বিএসইসির অনুরোধে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে এ তথ্য জমা দেয়া হয়েছে। এতে দেখা যায়, ১৬৩টি তালিকাভুক্ত কোম্পানি এরই মধ্যে তাদের পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। অন্যদিকে ১৩১টি তালিকাভুক্ত কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে করপোরেট গভর্ন্যান্স কোড অনুসারে পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ হয়েছে।

২০২৪ সালের ২৯ এপ্রিল বিএসইসির করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর ১(২) (এ) নং শর্ত সংশোধনের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পর্ষদে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করা হয়। এক্ষেত্রে প্রথমে এক বছরের মধ্যে এ নিয়োগ সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে কমিশনের সিদ্ধান্ত অনুসারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের মেয়াদ ২০২৫ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

বিএসইসির পক্ষ থেকে সভায় ব্যবসায়িক উদ্যোক্তা, ব্যবসায়িক সংগঠনের সদস্য, করপোরেট নেতৃত্ব, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি চাকরিজীবী (অবসরপ্রাপ্ত/চাকরিরত), পেশাদার ডিগ্রিধারী, হাইকোর্ট বিভাগের আইনজীবী পেশায় নিয়োজিত রয়েছেন এমন নারীদের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ সম্পন্ন করার মাধ্যমে করপোরেট গভর্ন্যান্স কোড ২০১৮ পরিপালনের অনুরোধ করা হয়। এক্ষেত্রে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। এ সময়সীমা শেষ হওয়ার পর নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত পরিপালনে ব্যর্থ হলে কমিশন ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে মর্মে সভায় অংশগ্রহণকারীদের জানানো হয়েছে।