জি২০ জোটভুক্ত দেশগুলোর ১৮তম সম্মেলনের আয়োজন করবে ভারত। আগামী ৯-১০ সেপ্টেম্বর দেশটির রাজধানী দিল্লিতে এ আয়োজন সফল করতে এরই মধ্যে পরিকল্পনা প্রণয়ন শুরু হয়ে গেছে। সম্মেলন উপলক্ষে ভারতে যে বিদেশী অতিথিরা যাবেন, তাদের আপ্যায়নে ভিন্নধর্মী কিছু করার কথা ভাবা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতিথিদের বাজরা-জোয়ার বা ভুট্টার মতো শস্য দিয়ে তৈরি খাবার পরিবেশন করা হবে। মূলত ছোট দানার শস্য, যেগুলো একসময়ে ভারতের ঐতিহ্যের অংশ হিসেবে জনপ্রিয় থাকলেও অন্য খাবারের ভিড়ে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে, সেগুলোই এবার উঠবে অতিথিদের পাতে।

সম্প্রতি সংসদ সদস্যদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘জি-২০ সম্মেলনে অতিথিদের জন্য যে খাবার তৈরি করা হবে তার অ্যাপেটাইজার থেকে শুরু করে প্রধান খাবার ও মিষ্টান্নও তৈরি হবে ছোট দানার বিভিন্ন শস্য দিয়ে।’

অন্যদিকে জাতিসংঘও ২০২৩ সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অব মিলেট ঘোষণা দিয়েছে। যেন ধান-গমের বাইরে বিকল্প শস্য হিসেবে ছোট দানার এসব শস্যের চাষ বাড়ে, এগুলো গুরুত্ব পায়। মূলত বৈশ্বিক খাদ্যনিরাপত্তা ও পরিবেশগত সমস্যার কথা মাথায় রেখেই বিশ্বের বিভিন্ন প্রান্তের ধান-গমের পাশাপাশি ছোট দানার শস্য চাষের ওপর জোর দেয়ার কথা বলা হচ্ছে।

একটি পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে বিশ্বের ৬৯ কোটি মানুষ দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভুগছিল। আবার কভিড-১৯ মহামারী এসে খাদ্যনিরাপত্তার বিষয়টি নতুন করে ভাবতে বাধ্য করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অনেক দেশের ভূমিতেই ক্রমাগত একই ধরনের শস্য চাষের ফলে সেগুলো উর্বরতা হারিয়েছে। বিশেষ করে ভারতের গাঙ্গেয় সমভূমি ও উত্তর চীন সমভূমি।

কৃষিবিদ অভয় ঝা বলেন, ‘অতিরিক্ত চাষ এবং একই ধরনের শস্যের চাষ মাটির মান নষ্ট করে, পুষ্টি নষ্ট করে এবং জমির উর্বরতা নষ্ট হয়। যার কারণে ফসলের পরিমাণ কমে যায়। এ সমস্যা সমাধানে কৃষককে টেকসই কৃষিতে ফিরতে হবে। সেসঙ্গে শস্য চাষের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে হবে। যেন মৌসুমভেদে একেক ধরনের ফসল চাষ করা যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

এক্ষেত্রে ছোট দানার শস্যগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন কৃষিবিদরা। জোয়ার, ভুট্টা, বাজরার মতো শস্য চাষ করা যেতে পারে। এতে খাদ্যনিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি জমির মানও ঠিক থাকবে। বিশেষ করে আফগানিস্তানের মতো শুষ্ক ভূমির দেশের জন্য ছোট দানার এসব শস্য চাষ লাভজনক হতে পারে।