কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন বিভাগ ও শাখা অফিসের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নররা অংশ নেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের প্রতিটি বিভাগ ও শাখা অফিসের কার্যসম্পাদনের জন্য নির্ধারিত সার্ভিস স্ট্যান্ডার্ড রয়েছে, যা অনুসরণ করেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এ প্রক্রিয়াকে আরো কার্যকর ও গতিশীল করতে এখন থেকে গভর্নরের সভাপতিত্বে নিয়মিত মাসিক পর্যালোচনা সভার আয়োজন করা হবে।

সভায় উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ৯০টি বিভাগ ও শাখা অফিসের মধ্যে ৪১টি সার্ভিস স্ট্যান্ডার্ড অনুযায়ী শতভাগ কেস নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেছে। এছাড়া ৩২টি বিভাগ ও শাখা অফিস ৯০ শতাংশ, ১১টি বিভাগ ও শাখা অফিস ৮০-৮৯ শতাংশ এবং বাকি ছয়টি বিভাগ ও শাখা অফিস ৬৭-৭৯ শতাংশ কেস নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করেছে।

সভায় গভর্নর বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে জনগণের স্বার্থ সরাসরি সংশ্লিষ্ট। তাই সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে।’

একই সঙ্গে যেসব বিভাগ বা শাখা অফিস নির্ধারিত সময়ের মধ্যে সব কেস নিষ্পত্তি করতে পারেনি, সেসব ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।