জাপানের প্রায় ২৭ শতাংশ নার্সিং হোম ও সংশ্লিষ্ট পরিষেবা কেন্দ্রগুলো দেউলিয়া বা বন্ধ হওয়ার ঝুঁকিতে। ক্রমবর্ধমান ব্যয় ও অবকাঠামো খাতে ব্যয় বেড়ে যাওয়াই এর প্রধান কারণ। নার্সিং কেয়ার গ্রুপ দ্বারা পরিচালিত সাম্প্রতিক এক জরিপে এসব তথ্য পাওয়া যায়। জাপানের মিনকাইকিও সংস্থাটি সারা দেশে প্রায় ১ হাজার ২০০ নার্সিং কেয়ার হোমের ওপর জরিপ পরিচালনা করে। সেখানে দেখা যায়, বর্তমান বাজারে এ ধরনের পরিষেবা কেন্দ্রগুলো বর্ধিত ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে। ফলে তারা হয় কর্মী কমিয়ে দিচ্ছে বা নতুন কর্মী নিয়োগে বিলম্ব করছে। সমীক্ষাটি আরো উল্লেখ করেছে নার্সিং কেয়ারগুলো সহজেই গ্রাহকের কাছে এ পরিস্থিতির জন্য খরচ বাড়াতে পারে না। যার কারণে তাদের ব্যবসা টিকিয়ে রাখা বর্তমানে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। নানাবিধ অসুবিধা থাকা সত্ত্বেও ৬৪ দশমিক ৩ শতাংশ নার্সিং কেয়ারগুলো কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। জাপানের অভ্যন্তরীণ ও যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০২২ সালে ৭৫ বছর বা তার বেশি বয়সের মানুষের সংখ্যা ১ কোটি ৯৩ লাখ এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ৩ কোটি ৬২ লাখে পৌঁছেছে। দ্য জাপান টাইমস