ভারতে গত মাসে পাম অয়েল আমদানি কমেছে। দেশটিতে পর্যাপ্ত মজুদ থাকায় আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া পণ্যটি আমদানিতে লাভের পরিমাণ কমে যাওয়াও আমদানি কমার পেছনে ভূমিকা রেখেছে। মঙ্গলবার খাতসংশ্লিষ্ট পাঁচজন ডিলার এ তথ্য জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার।
ডিলাররা জানান, আগস্টে ভারতের পাম অয়েল আমদানি আগের মাসের তুলনায় ২৭ শতাংশ কমে ৭ লাখ ৯১ হাজার টনে নেমেছে।
বিশ্বের বৃহত্তম ভোজ্যতেল আমদানিকারক দেশ ভারত। দেশটির নিম্নমুখী আমদানির কারণে প্রধান উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ বেড়ে যেতে পারে, যা পরবর্তী সময়ে দামে প্রভাব ফেলবে।
ভোজ্যতেলের ব্রোকারেজ সংস্থা সানভিন গ্রুপের সিইও সানদীপ বাজোরিয়া বলেন, ‘জুলাইয়ে ভারত স্থানীয় চাহিদার তুলনায় বেশি পাম অয়েল আমদানি করেছে। তাই পরিশোধনকারী কোম্পানিগুলো আগস্টে আমদানি কমিয়েছে। এছাড়া সম্প্রতি পাম অয়েলের দাম বেড়ে সয়াবিন তেলের প্রায় কাছাকাছি পৌঁছেছে। এ কারণেও আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা।’
প্রসঙ্গত অন্যান্য ভোজ্যতেলের তুলনায় পাম অয়েল সাধারণত ডিসকাউন্টে বাণিজ্য করে। কিন্তু সেপ্টেম্বরে সরবরাহের জন্য আগস্টে পাম অয়েলের দাম অন্যান্য ভোজ্যতেলের তুলনায় প্রায় সমান ছিল।
ভোজ্যতেল ব্যবসায়ী ও ব্রোকার জিজেএন রিসার্চের ব্যবস্থাপনা অংশীদার রাজেশ প্যাটেল বলেন, ‘আগস্টে পাম অয়েল পরিশোধনে লাভ কমে যাওয়ায় ব্যবসায়ীরা আমদানি কমিয়েছেন।’
ডিলাররা আরো জানান, আগস্টে সয়াবিন তেলের আমদানি ১৬ শতাংশ বেড়ে ৪ লাখ ৫৬ হাজার টনে পৌঁছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া এ সময় সূর্যমুখী তেলের আমদানি আগস্টে ২১ শতাংশ কমে ২ লাখ ৮৮ হাজার টনে নেমে আসে।
ডিলারদের অনুমান অনুযায়ী, পাম অয়েল ও সূর্যমুখী তেলের আমদানি হ্রাস দেশের মোট ভোজ্যতেল আমদানি ১৭ শতাংশ কমিয়ে দিয়েছে।
জয়পুরভিত্তিক এক ভোজ্যতেল ব্যবসায়ী জানান, গত মাসে ভারতে স্থানীয়ভাবে সরিষা তেলের দাম ৮ শতাংশেরও বেশি বেড়েছে। এতে ব্যবসায়ীরা সরিষা তেলের সঙ্গে তুলনামূলকভাবে সস্তা সয়াবিন তেল মেশাচ্ছেন।
এদিকে ভোজ্যতেলের আমদানি শুল্ক বাড়ানোর বিষয়ে বিবেচনা করছে ভারত। গত সপ্তাহে দেশটির দুই সরকারি সূত্র জানায়, স্থানীয় কৃষকদের কথা বিবেচনা করে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
ভারত মূলত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে পাম অয়েল আমদানি করে। সয়াবিন ও সূর্যমুখী তেল আমদানি করে আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া ও ইউক্রেন থেকে।










