লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুথিদের আক্রমণের প্রভাব পড়েছে এশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) নিত্য ব্যবহার্য পণ্যটির দাম ১ শতাংশ বেড়েছে। খবর আল জাজিরা।

রাশিয়া থেকে সরবরাহ কামার উদ্বেগও এ মূল্য বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করছে বলে জানানো হয় এক হালনাগাদ প্রতিবেদনে।

অন্যদিকে আইসিই ফিউচারসে আজ সকালে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য উঠেছে ৭৬ ডলার ৮৭ সেন্টে। একই সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৭১ ডলার ৭৭ সেন্টে।

সম্প্রতি লোহিত সাগরগামী জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বেড়েছে। একই দিনে আক্রান্ত হয়েছে একাধিক জাহাজ। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের নজির নেই।  

ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহতের ঘটনার প্রতিক্রিয়া জানাচ্ছে হুথি। তাদের দাবি, ইসরায়েলগামী ও মালিকাধীন জাহাজে আক্রমণ করছে।

হামলার কারণে গত কয়েক দিনে ডেনিশ শিপিং জায়ান্ট এপি মোলার-মায়েরস্ক, জার্মানির হ্যাপাগ-লয়েড, ফরাসি কোম্পানি সিএমএ সিজিএম, হংকং-ভিত্তিক ওওসিএল এবং ইতালীয়-সুইস মালিকানাধীন মেডিটেরিয়ান শিপিং কোম্পানি (এমএসসি) এ রুট এড়িয়ে চলছে। যার প্রভাব ব্যয়বহুল হতে বাধ্য বলে অনুমান করছেন বিশ্লেষকরা।