অর্থনৈতিক পুনরুদ্ধারের ধারাবাহিকতায় চীনের অবকাঠামো নির্মাণ খাতে দ্রুত প্রসার ঘটছিল। কিন্তু দেশটির তীব্র বিদ্যুৎ ঘাটতি এ খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে ইস্পাতের চাহিদা কমলেও বাড়ছে ধাতুটির প্রধান উৎপাদন উপকরণ আকরিক লোহার দাম।
পণ্যবাজারের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান ফাস্টমার্কেট এমবির দেয়া তথ্যমতে, উত্তর চীনে আমদানীকৃত বাজার আদর্শ ফি ফাইন গ্রেডের আকরিক লোহার দাম বেড়ে টনপ্রতি ১১৪ ডলার ১৪ সেন্টে উন্নীত হয়েছে। সর্বশেষ কার্যদিবসে পণ্যটির দাম বেড়েছে ১৭ শতাংশ।
তবে চাইনিজ স্টেইনলেস স্টিলের (মরিচা রোধক ইস্পাত) ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৩ শতাংশ কমেছে। এদিকে চার কার্যদিবসে ধাতব পণ্যটির বাজারে দরপতন ঘটেছে।
চীন সম্প্রতি বিদ্যুৎ ঘাটতির চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তীব্র ঘাটতির কারণে দেশটির প্রধান প্রধান শিল্পাঞ্চলে উৎপাদন থমকে গেছে। বিশেষ করে গোয়াডং এবং জিয়াংসুতে ঘাটতি রোধে বিদ্যুৎ ব্যবহার সীমিত করায় এবং কয়লার সরবরাহ ঘাটতির কারণে উৎপাদন শূন্যের কোটায় নেমে এসেছে।
সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে নভেম্বরে সরবরাহের জন্য সর্বাধিক লেনদেনকৃত স্টেইনলেস ইস্পাতের দাম ১ দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি টনের দাম উঠেছে ৩ হাজার ৫২ ডলার পর্যন্ত। বাজারসংশ্লিষ্টরা জানান, চীনে পণ্য আমদানিতে জাহাজীকরণ ব্যয় বাড়ছে। এটি আকরিক লোহার মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখছে।










