গ্লোবাল ডেইলি ট্রেডের (জিডিটি) আন্তর্জাতিক নিলামে অবশেষে ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে দুগ্ধপণ্যের মূল্যসূচক। প্রায় সব চুক্তির ক্ষেত্রেই দাম বেড়েছে। তবে ননিবিহীন গুঁড়ো দুধ ও ল্যাকটোজের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখা গেছে।

জিডিটির ওয়েবসাইটের তথ্য বলছে, গত বছরের ৪ অক্টোবর থেকে কমতে শুরু করে দুগ্ধপণ্যের মূল্যসূচক। নভেম্বরের শেষ ও ডিসেম্বরের শুরুতে দাম কিছুটা বাড়লেও পরের নিলামে আবারো কমে যায়। এরপর টানা তিন নিলামে মূল্যসূচক নিম্নমুখী ছিল।

সংশ্লিষ্টরা জানান, জানুয়ারিতে নিষ্ক্রিয় থাকলেও চলতি মাসে বাজারে বেচাকেনা বেড়েছে। আমদানিকারক দেশগুলোয় দুগ্ধপণ্যের চাহিদাও ঊর্ধ্বমুখী। এ কারণেই মূল্যসূচক ছিল ইতিবাচক।

নিলামে প্রতি টন দুগ্ধপণ্যের গড় মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৬ ডলারে। সর্বোচ্চ সরবরাহ করা হয়েছে ৩৫ হাজার ২৯০ টন। এর মধ্যে বিক্রি হয়েছে ৩২ হাজার ৫৮২ টন। নিলামে অংশ নিয়েছেন ১৬৬ জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠান। এর মধ্যে জয়ী হয়েছেন ১১৬ জন।

জিডিটি নিলামে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে বিবেচিত হয় ননিযুক্ত গুঁড়ো দুধ। পণ্যটির দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে গড়ে ৩ হাজার ৩২৯ ডলারে উন্নীত হয়েছে। বিক্রি বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ননিবিহীন গুঁড়ো দুধের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। পণ্যটি বিক্রি হয়েছে টনপ্রতি ২ হাজার ৮২৯ ডলারে।