গত অর্থবছরে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়ানো ছিল সবচেয়ে আলোচিত বিষয়। মহামারী-পরবর্তী নাকাল বৈশ্বিক অর্থনীতি মূলত রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে আরো ক্ষতিগ্রস্ত হয়। পশ্চিমা দেশগুলোর জন্য ব্যাংক খাতের বিপর্যয় ও চীনের অর্থনীতি পুনরুদ্ধারে হতাশাজনক গতি সে বাড়তি চাপপ্রদানকারীর ভূমিকা পালন করেছে। ২০২২ সালের জুলাই-পরবর্তী অর্থবছরে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকই সমাধান হিসেবে সুদহার বাড়ানোর দিকে ঝুঁকে পড়েছে, সে প্রবণতা এখনো ঊর্ধ্বমুখী। খবর আনাদোলু এজেন্সি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক এখন পর্যন্ত সুদহার বাড়িয়ে চলছে। চলতি বছরের মার্চে বাড়ানো শুরু করে সাত দফা বাড়ানো হয়েছে সুদহার। ২০২২ সালের জুলাই থেকে মুদ্রানীতি নিয়ে আটটি আলোচনা সভা হয়েছে। চেয়ারম্যান জেরোম পাওয়েল আরো বাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন। এদিকে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) সুদহার বাড়িয়েছে অষ্টমবারের মতো। মে মাসে সুদহার ছিল ৬ দশমিক ১ শতাংশ। চলতি বছরের জুনে সর্বশেষ বাড়ানো হয় সুদহার।
ব্যাংক অব ইংল্যান্ড (বিওই) গত মাসেই দশমিক ৫ শতাংশ বাড়িয়েছে সুদহার। ২০২১ সালের ডিসেম্বর থেকে আট দফা আলোচনা হয়েছে মুদ্রানীতি নিয়ে। প্রতিবারই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী দিনগুলোয়ও রয়েছে আশঙ্কা। কানাডার কেন্দ্রীয় ব্যাংকও ২৫ বেসিস পয়েন্টে জুনে সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নেয়, যা ব্যাংকটির ২২ বছরের ইতিহাসে সর্বোচ্চ। মুদ্রানীতিবিষয়ক আটটি সভার মধ্যে ছয়টিতেই সুদহার বাড়িয়েছে ব্যাংকটি।
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক (এসএনবি) ২০২২ সালের সেপ্টেম্বরের পর সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নেয়। চলতি বছরের জুনে বাড়ানো হয় আরো এক দফা। নরওয়ের কেন্দ্রীয় ব্যাংকের জন্যও সুদহার বাড়ানোটি ছিল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ২০২২ সালের জুলাইয়ে সুদহার ছিল ১ দশমিক ২৫ শতাংশ, যা বর্তমানে ৩ দশমিক ৭৫ শতাংশে উত্তীর্ণ হয়েছে। প্রতিবেশি দেশ ভারতও পিছিয়ে নেই। মুদ্রানীতিসংক্রান্ত ছয়টি সভার মধ্যে চারটিতেই বাড়ানো হয়েছে সুদহার। বর্তমানে সেখানে সুদহার দাঁড়িয়েছে ৬ দশমিক ৫ শতাংশ।
দ্য রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া চলতি বছরের জুনে ৪ দশমিক ১ শতাংশে উন্নীত করেছে সুদহার। এখন পর্যন্ত ১২টি সভা আহ্বান করেছে ব্যাংকটি, যাদের মধ্যে ১০ বারই বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক টানা সপ্তমবারের মতো বাড়িয়েছে সুদহার। মে মাসে সুদহার বাড়িয়ে ৫ দশমিক ৫ শতাংশে উন্নীত করেছে ব্যাংকটি।
দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক আটটি অধিবেশন আহ্বান করে পাঁচবারই বাড়িয়েছে সুদহার। সর্বশেষ জানুয়ারিতে সুদহার বাড়িয়ে ৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করে ব্যাংকটি। যদিও ফেব্রুয়ারি, এপ্রিল ও মে মাসের সভায় স্থির রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তুরস্কে সুদহার বাড়িয়ে ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে চীন ও জাপানের কেন্দ্রীয় ব্যাংক কিছুটা শিথিল রেখেছে বছরজুড়ে, যা তাদের মুদ্রানীতিতে স্বাতন্ত্র্য অবস্থান তৈরি করে দিয়েছে।










