দেশের খনিজ তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য ফরাসি কোম্পানি টোটাল এনার্জিসের সঙ্গে চুক্তি করল ইরাক। চুক্তি অনুসারে, ২ হাজার ৭০০ কোটি ডলার ব্যয়ের মাধ্যমে উন্নয়ন আনা হবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ খাতে। দেশটিতে এককভাবে বৃহত্তম বিদেশী বিনিয়োগের ঘটনা এটি। খবর দ্য ন্যাশনাল।
টোটাল এনার্জির পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক পুয়ান। ইরাকের পক্ষে ছিলেন জ্বালানিমন্ত্রী হায়ান আবদেল গনি। চুক্তি অনুসারে, টোটাল এনার্জিস ৪৫ শতাংশ শেয়ারের মালিকানায় থাকবে, ইরাকের বসরা অয়েল কোম্পানির অংশীদারত্ব থাকবে ৩০ শতাংশ। বাকি ২৫ শতাংশের হিস্যা থাকবে কাতার এনার্জির।
সৌদি আরবের পর ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি জ্বালানি তেল উৎপাদন করে ইরাক। দেশের মোট রাজস্বের ৯৫ শতাংশই আসে জ্বালানি তেল থেকে।










