২০২২-২৩ বিপণন মৌসুমে (সেপ্টেম্বর-আগস্ট) যুক্তরাষ্ট্রে সয়াবিনের আবাদ বৃদ্ধি পেতে পারে। সারের দাম বৃদ্ধির ফলে দেশটিতে ভুট্টার আবাদ হ্রাসের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প শস্য হিসেবে সয়াবিনের আবাদ বৃদ্ধি পাবে বলে আশা দেখছেন বিশ্লেষকরা। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে সারের মূল্যসূচক যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, আগামী বছর সয়াবিনের তুলনায় ভুট্টা আবাদ খরচের পরিমাণ বৃদ্ধি পাবে। মূলত ভুট্টা আবাদের ক্ষেত্রে সার ব্যবহারের পরিমাণের ওপর নির্ভর করে এমনটা মন্তব্য করেছেন কৃষি বিশ্লেষকরা। ফলে মে মাসে শুর হওয়া পরবর্তী রোপণ মৌসুমে উল্লেখযোগ্য পরিমাণ কৃষক ভুট্টার পরিবর্তে সয়াবিনের দিকে ঝুঁকবেন। সরবরাহ ঘাটতির কারণে বিশ্বব্যাপী সারের দাম বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালের মাঝামাঝি থেকে বিশ্বব্যাপী খাদ্যশস্যের দাম বৃদ্ধির সঙ্গে সারের দামও বৃদ্ধি পেতে শুরু করেছে।
ইউএস কৃষি বিভাগের সর্বশেষ বৈশ্বিক কৃষি সরবরাহ ও চাহিদার ধারণা সূচক প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, আগামী বিপণন মৌসুমে প্রতি বুশেল সয়াবিনের দাম চলতি বছরের তুলনায় ১৪ শতাংশ বৃদ্ধি পাবে। এ সময় প্রতি বুশেল সয়াবিনের দাম দাঁড়াতে পারে ১২ ডলার ৩৫ সেন্ট। একই সময়ে প্রতি বুশেল ভুট্টার দাম ২১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৫ ডলার ৪৫ সেন্টে।










