সরবরাহ সংকট এড়াতে আবারো রাষ্ট্রীয় কৌশলগত মজুদ থেকে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন জানায়, নতুন করে ২ কোটি ৬০ লাখ ব্যারেল মজুদ থেকে সরবরাহ করা হবে।

মূলত আগামী মাস থেকে রাশিয়া অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমিয়ে দেয়ার ঘোষণায় বাজারে সরবরাহ সংকটের যে উদ্বেগ তৈরি হয়েছে তা লাঘবেই এ সিদ্ধান্ত নেয়া।

গত বছর বাইডেন প্রশাসন রাষ্ট্রীয় কৌশলগত মজুদ থেকে ১৮ কোটি ব্যারেল পরিশোধিত জ্বালানি তেল বাজারে সরবরাহ করেছিল। রেকর্ড মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণই ছিল এর মূল লক্ষ্য।

২০২২ সালে মজুদ থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল বিক্রি হওয়ায় নির্ধারিত ২ কোটি ৬০ লাখ ব্যারেল বিক্রির সিদ্ধান্ত বাতিল করা হয়। বাজার কিছুটা নিয়ন্ত্রণে এলে মজুদ ফের পরিপূর্ণ করার পদক্ষেপ নেন সংশ্লিষ্টরা। কিন্তু সম্প্রতি রাশিয়ার জ্বালানি তেল উত্তোলন কমানোর খবরে সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে।

পশ্চিমা দেশগুলোর দেয়া নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রাশিয়া আগামী মাস থেকে দৈনিক পাঁচ লাখ ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমাবে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মজুদ থেকে তেল বিক্রি বৈশ্বিক সরবরাহ পরিস্থিতিতে কিছুটা ভারসাম্য আনবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।