ভারতে চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রীবাহী গাড়ির পাইকারি বিক্রি ১১ শতাংশ বেড়েছে। স্পোর্টস ইউটিলিটি বাহনের চাহিদা বাড়ায় যাত্রীবাহী গাড়ির বাজারেও প্রভাব পড়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। গতকাল শিল্প সংস্থা সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (এসআইএএম) এ তথ্য প্রকাশ করেছে। খবর দ্য ইকোনমিক টাইমস।

সংস্থাটি জানিয়েছে, গত মাসে ডিলারদের কাছে মোট যাত্রীবাহী গাড়ি বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার ৭৮৬ ইউনিট, যা আগের বছরের একই সময় ছিল ৩ লাখ ৩৪ হাজার ৭৯০ ইউনিট।

এসআইএএমের মহাপরিচালক রাজেশ মেনন এক বিবৃতিতে বলেন, ‘‌যাত্রীবাহী গাড়ি পুনরায় সর্বোচ্চ বিক্রির রেকর্ড স্পর্শ করেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারির তুলনায় ১০ দশমিক ৮০ বেড়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার ইউনিট।’

তথ্যমতে, ফেব্রুয়ারিতে দুই চাকার (‌টু হুইলার) গাড়ির বিক্রি বেড়েছে ৩৫ শতাংশ। সংখ্যার হিসাবে ১৫ লাখ ২০ হাজার ৭৬১ ইউনিট। গত বছরের একই সময় এ গাড়ির বিক্রি ছিল ১১ লাখ ২৯ হাজার ৬৬১ ইউনিট।

অন্যদিকে, তিন চাকার (‌থ্রি হুইলার) গাড়ির বিক্রি গত মাসে ছিল ৫৪ হাজার ৫৮৪ ইউনিট, যা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ছিল ৫০ হাজার ৩৮২ ইউনিট।

এসআইএএম সভাপতি বিনোদ আগারওয়াল এক বিবৃতিতে বলেন, ‘‌টু হুইলার ও থ্রি হুইলার যাত্রীবাহী গাড়ি আগের বছরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে বেড়েছে। তবে একই সময়ে বাণিজ্যিক গাড়ির বিক্রি সামান্য কমেছে।’

তিনি আরো বলেন, ‘‌২০২৩-২৪ আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে দেশের সামগ্রিক শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি গাড়ি খাতের বিক্রি বাড়ার পেছনে ভূমিকা রেখেছে।’