চলতি মৌসুমে চিনির বৈশ্বিক সরবরাহ ঘাটতি ৪২ শতাংশ কমে আসবে। দ্বিতীয় শীর্ষ চিনি উৎপাদনকারী দেশ ভারতের উৎপাদন প্রবৃদ্ধির ফলে এমনটা দেখা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মার্কিন আর্থিক পরিষেবা কোম্পানি স্টোনএক্সের এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

২০২১-২২ মৌসুমের জন্য ভারতের চিনি উৎপাদনের পরিমাণ ৩ কোটি ৩২ লাখ টন দাঁড়াতে পারে বলে মনে করছে স্টোনএক্স। ফলে ২০২১-২২ মৌসুমে বৈশ্বিক বাজারে চিনি সরবরাহে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ১১ লাখ টন। জানুয়ারিতে এ ঘাটতির পরিমাণ অনুমান করা হয়েছিল ১৯ লাখ টন। অন্যদিকে ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনও (আইএসও) ফেব্রুয়ারিতে নিজেদের চিনি ঘাটতির পূর্বাভাস কমিয়েছে।

স্টোনএক্স জানায়, ভারতের উচ্চহারে উৎপাদন থাইল্যান্ড ও চীনে প্রত্যাশার চেয়ে কম উৎপাদনের ঝুঁকিকে অনেকটা হালকা করে তুলবে। এ সময় বিশ্বের শীর্ষ চিনি উৎপাদন ব্রাজিলের উৎপাদন পূর্বাভাস অপরিবর্তিত রাখে প্রতিষ্ঠানটি। ২০২১-২২ মৌসুমে দেশটির আখ উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৫৬ কোটি ৫০ লাখ টন। এ সময়ে ব্রাজিলের চিনি উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ৩ কোটি ৪৫ লাখ টন, যা আগের খরা মৌসুমের তুলনায় ৭ শতাংশ বেশি।