মার্কিন যুক্তরাষ্ট্রে মে মাসে ভোক্তা ঋণ দুই বছরের সর্বনিম্নে নেমে এসেছে, কভিড-১৯ মহামারীর অভিঘাতে সৃষ্ট প্রথম পতনের মতো। এমনটাই উঠে এসেছে ফেডারেল রিজার্ভের প্রকাশিত প্রতিবেদনে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

মোট ঋণ বেড়েছে ৭২০ কোটি ডলার, যা ২০২০ সালের নভেম্বরের পর সবচেয়ে কম বৃদ্ধি। বৃদ্ধির পরিমাণ মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি ব্লুমবার্গের অর্থনীতিবিদদের ঘোষিত সব পূর্বাভাসের চেয়ে কম। স্কুল টিউশন ও যানবাহন ক্রয়ের মতো নন-রিভলভিং ঋণ ১৩০ কোটি ডলার কমে গেছে। ২০২০ সালের এপ্রিলের পর প্রথমবারের মতো পতন ঘটল খাতটিতে।

নতুন যানবাহন ক্রয়ের জন্য পাঁচ বছর মেয়াদি ঋণের হার মে মাসে ৭ দশমিক ৮১ শতাংশে পৌঁছেছে, যা ২০০৬ সালের পর সর্বোচ্চ। বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট কার্ড প্রদানের হার ছিল ২০ দশমিক ৬৮ শতাংশ, যা ফেডারেল রিজার্ভ ব্যাংকের ইতিহাসে ১৯৭২ সালের পর রেকর্ড সর্বোচ্চ।