অ্যালুমিনিয়াম আমদানিতে যুক্তরাষ্ট্র করারোপ অব্যাহত রাখলে নিকেল ও প্যালাডিয়ামের মতো মূল্যবান ধাতু রফতানি বন্ধ করে দেবে রাশিয়া। বাজার বিশ্লেষকরা এমন কথাই জানিয়েছেন।  খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রে যে পরিমাণ অ্যালুমিনিয়াম প্রয়োজন তার খুব অল্পই রাশিয়া থেকে আসে। তবে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির জন্য নিকেল খুবই গুরুত্বপূর্ণ ধাতু। অন্যদিকে গ্যাসোলিনচালিত গাড়ির অটোক্যাটালিস্ট তৈরিতে প্যালাডিয়ামের ব্যবহার গুরুত্বপূর্ণ।

পরিসংখ্যান তথ্য সরবরাহকারী ট্রেড ডাটা মনিটরের (টিডিএম) তথ্যানুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে ৯২ হাজার ৬২৪ টন নিকেল আমদানি হয়েছে। যার মধ্যে মাত্র ১১ শতাংশ রাশিয়া থেকে এসেছে। অন্যদিকে দেশটিতে একই সময়ে ২০ টন প্যালাডিয়াম সরবরাহ করেছে রাশিয়া, যা মোট আমদানির ৩৫ শতাংশ।

ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার ওপর বিভিন্ন দিক থেকে চাপ তৈরির চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে রাশিয়ান অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক ২০০ শতাংশ বাড়ানোর কথা ভাবছে দেশটি। রুসাল মূলত রাশিয়ান অ্যালুমিনিয়াম উৎপাদন করে, যা মোট বৈশ্বিক সরবরাহের ৬ শতাংশ।

 লাইবেরিয়াম বিশ্লেষক টম প্রাইস বলেন, ‘বাণিজ্যে এ ধরনের চাপ তৈরির মাধ্যমে এলে কোনো উপকার হবে না। যদি এ হারে শুল্কারোপ করা হয় তাহলে রাশিয়াও বিকল্প উদ্যোগ নেবে। যার মধ্যে যুক্তরাষ্ট্রে গুরুত্ব্পূর্ণ ধাতু রফতানি বন্ধ করে দেয়ার মতো বিষয় রয়েছে।’

একটি পণ্যকেন্দ্রিক তহবিলের বিশ্লেষক সম্মতি দিয়ে জানান, শুল্কারোপের বিপরীতে যুক্তরাষ্ট্রে নিকেল ও প্যালাডিয়াম সরবরাহ নিষিদ্ধ করার মাধ্যমে রাশিয়ার পাল্টা আঘাত করার উচ্চ সম্ভাবনা রয়েছে। ট্রেড ডাটা মনিটরের তথ্যানুযায়ী, ২০২২ সালে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্র ১ লাখ ৯১ হাজার ৮০৯ টন অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও খাদ আমদানি করেছে, যা সে বছরের মোট আমদানির মাত্র ৪ দশমিক ৪ শতাংশ। যেখানে ২০১৮ ও ২০১৭-এর পরিমাণ ছিল যথাক্রমে ৮ দশমিক ৯ এবং ১৪ দশমিক ৬ শতাংশ।