আন্তর্জাতিক বাজারে গতকাল কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সুদহার বৃদ্ধির উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী মজুদ দাম কমে যাওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে। খবর রয়টার্স।

আইসিই ফিউচারস ইউরোপে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১ দশমিক ৬৯ ডলার বা ২ দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৫ ডলার ৪৩ সেন্ট।

অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ ডলার ৬৩ সেন্ট বা ২ দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭০ ডলার ৯০ সেন্টে।

মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোমি পাওয়েল সম্প্রতি জানান, এ বছরের শেষ নাগাদ আরো দুই ধাপে ২৫ বেসিস পয়েন্টে সুদহার বাড়ানো হতে পারে। এ খবর প্রকাশের পরই জ্বালানি তেলের দাম কমে যায়। এদিকে ব্যাংক অব ইংল্যান্ড সম্প্রতি প্রত্যাশার চেয়েও বেশি মাত্রায় সুদহার বাড়িয়েছে। এ নিয়ে টানা ১৩তম বারের মতো সুদহার বাড়ানো হলো।