হংকং থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম ঋণদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক (এনএবি)। ঘোষণা বাস্তবায়ন হলে চীনে প্রতিষ্ঠানটির একমাত্র শাখা থাকবে সাংহাইতে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
চলতি বছরের জুনে হংকং থেকে ব্যবসা গুটিয়ে নেয় আরেক ঋণদাতা প্রতিষ্ঠান ওয়েস্টপ্যাক। হংকং কর্তৃপক্ষ অর্থ পাচার ও দুর্নীতি দমন আইনের অধীনে ওয়েস্টপ্যাককে জরিমানা করেছিল। ফলে ৫০ জন কর্মসংস্থান হারায়, যাদের মধ্যে ছিল অর্থ, আইন, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রযুক্তি ও ট্রেজারি বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী। এনএবির পক্ষ থেকে বলা হয়েছে, ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের সিদ্ধান্তে কিছু ব্যাংকার ক্ষতিগ্রস্ত হবে। তবে তাদের কাউকে কাউকে সাধ্য অনুযায়ী পুনরায় চাকরি দেয়া ও পুনর্বাসনের চেষ্টা করা হবে।
এনএবির সিঙ্গাপুরভিত্তিক নির্বাহী ক্রিস্টা ব্যাটেনস জানান, পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আনুমানিক ১৮ মাস সময় লাগতে পারে। এর পরে কেবল সাংহাইতেই কার্যক্রম অব্যাহত রাখবে এনএবি। গত বছর প্রতিষ্ঠানটি বেইজিং থেকে কার্যক্রম গুটিয়ে নেয়। তবে ব্যাটেনসের মতে, এনএবি আগামী দিনগুলোয় এশিয়ার অন্যান্য শাখায় কার্যক্রম চালু রাখবে। সিঙ্গাপুর, টোকিও ও সাংহাইয়ের গ্রাহকদের ওপর নেতিবাচক কোনো প্রভাব পড়বে না।
অস্ট্রেলিয়ান ফাইন্যান্সিয়াল রিভিউ অনুসারে, এনএবি, ওয়েস্টপ্যাক ও কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার মতো প্রতিষ্ঠানগুলো ৩০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা হাতে নিয়েছে।










