উড়োজাহাজ বহর প্রসারিত করতে চায় তার্কিশ এয়ারলাইনস। এ লক্ষ্যে এয়ারবাসের কাছ থেকে নতুন ২২০টি এয়ারক্রাফট কেনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর অ্যারাবিয়ান বিজনেস।
নেদারল্যান্ডসের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে করা চুক্তি অনুসারে, এয়ারবাস এ৩২১ মডেলের ১৫০টি ও এ৩৫০ ওয়াইডবডি মডেলের ৭০টি এয়ারক্রাফট কিনবে ইস্তানবুলভিত্তিক কোম্পানিটি। ওয়াইডবডি এয়ারক্রাফটের মধ্যে থাকবে— এ৩৫০-৯০০ মডেলের ৫০টি, এ৩৫০-১০০০ মডেলের ১৫টি ও এ৩৫০এফ মডেলের পাঁচটি। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে এ৩৫০-৯০০এস মডেলের ১০টি এবং জুলাইয়ে চারটি এ৩৫০-৯০০ মডেলের এয়ারক্রাফট অর্ডার করেছিল কোম্পানিটি।
সর্বশেষ চুক্তি অনুসারে, এয়াসবাসের কাছে তার্কিশ এয়ারলাইনসের অর্ডারকৃত এয়ারক্রাফটের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪টিতে। যার মধ্যে ২১২টি এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে বলে তারা জানিয়েছে।
তার্কিশ এয়ারলাইনস বোর্ড ও নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেত বোলাত বলেন, ‘যুগান্তকারী এ অর্ডার সম্প্রসারণের চেয়েও বড় কিছু। এটি উদ্ভাবন, কর্মক্ষম উৎকর্ষতা ও টেকসই ভবিষ্যতের প্রতি আমাদের আন্তরিকতার একটি প্রমাণ। আমাদের বহরে উন্নত এসব এয়ারক্রাফট সংযোজন শুধু আমাদের অপারেশনাল সক্ষমতাই বাড়াবে না, একই সঙ্গে পরিবেশগত লক্ষ্য অর্জনেও উল্লেখযোগ্য অবদান রাখবে।’
আহমেত বোলাত জানান, এ বিনিয়োগ তুরস্কের উড়োজাহাজ শিল্পের বিবর্তনে আরো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার্কিশ এয়ারলাইনস আরো দক্ষ ও পরিবেশবান্ধব উড়োজাহাজ সেবা দিতে চায়। এক্ষেত্রে নিজেদের বহরের আধুনিকায়নের মাধ্যমে বৈশ্বিক উড়োজাহাজ পরিষেবা খাতে শীর্ষস্থানীয় অবস্থানকে আরো শক্তিশালী করতে কাজ করা হচ্ছে। একই সঙ্গে উড়োজাহাজ পরিচালনা হাব হিসেবে প্রতিষ্ঠা করে দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে অবদান রাখছে।
এয়ারবাসের চিফ কমার্শিয়াল অফিসার ও হেড অব ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান শেরার বলেন, ‘আধুনিক প্রজন্মের উড়োজাহাজের জন্য এ অর্ডার তার্কিশ এয়ারলাইনসের একটি সাহসী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।’
এয়ারবাস কর্তৃপক্ষের তথ্যানুসারে, নতুন প্রজন্মের এ৩৫০-৯০০, এ৩৫০-১০০০, এ৩৫০এফ ও এ৩২১ মডেলের এয়ারবাসগুলো নিজ নিজ বিভাগে ফ্লাগশিপ এয়ারক্রাফট। এয়ারলাইনসের ভবিষ্যৎ ও টেকসই সম্প্রসারণের জন্য এগুলোয় দক্ষ ড্রাইভিং সুবিধা, অধিক পরিসর, কম জ্বালানি খরচ, স্বল্প শব্দ ও বায়ু নির্গমন এবং সেরা কেবিন সুবিধা রয়েছে।
ক্রিশ্চিয়ান শেরার আরো বলেন, ‘এ চুক্তি তার্কিশ এয়ারলাইনস ও তুরস্কের উড়োজাহাজ সেবা খাতের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে এগিয়ে নিয়ে যাবে।’
আমাদের অত্যাধুনিক উড়োজাহাজের মাধ্যমে বিশ্বের সঙ্গে তুরস্কের সংযোগের জন্য আমরা গর্বিত।’










