এ উদ্যোগের আওতায় দেশব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমন্বিত চক্ষু চিকিৎসা সহায়তা প্রদানে সহযোগিতা করবে ইবিএল। চোখের স্ক্রিনিং, ছানি অপারেশন, রোগীদের যাতায়াত ব্যয় এবং খাবারের ব্যবস্থা—এসবই এ সহায়তায় অন্তর্ভুক্ত। রাজধানীর সাতমসজিদ রোডে অবস্থিত বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালে এ সেবা দেয়া হবে। ইবিএল গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অংশীদারত্ব নবায়ন উপলক্ষে সম্প্রতি ঢাকায় ইস্টার্ন ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএলের হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. নিয়াজ আবদুর রহমানের হাতে একটি চেক তুলে দেন।
অনুষ্ঠানে ইবিএলের পক্ষে জিয়াউল করিম বলেন, ‘বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল সারা দেশে বিনামূল্যে চক্ষুসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে তাদের পাশে দাঁড়াতে পেরে ইবিএল গর্বিত। এর মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সমন্বিত চক্ষু সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারছি।’
অন্যদিকে হাসপাতালটির এমডি ডা. নিয়াজ আবদুর রহমান বলেন, ‘আর্থিক সংকটের কারণে কেউ যেন দৃষ্টিশক্তি হারিয়ে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ইবিএলের ধারাবাহিক সহযোগিতায় আমরা হাজারো অসহায় রোগীকে মানসম্মত চক্ষুসেবা দিতে পারছি। এর মাধ্যমে শুধু দৃষ্টিশক্তিই নয়, তাদের মর্যাদা ও আশা-ভরসাও ফিরিয়ে দেয়া সম্ভব হচ্ছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের কনসালট্যান্ট ও চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহজিবা রহমান চৌধুরী ও জেনারেল ম্যানেজার এম কামরুল ইসলাম শানজীদ। অন্যদিকে ইবিএলের পক্ষে ছিলেন হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মেজর (অব.) মো. আব্দুস সালাম ও হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেমস মো. মাসকুর রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।










