পরীক্ষামূলকভাবে ডিজিটাল মুদ্রা ব্যবস্থা চালু করতে যাচ্ছে সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)। গতকাল জুরিখে একটি সম্মেলনের বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন সুইস কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান টমাস জর্ডান। খবর রয়টার্স।
পয়েন্ট জিরো ফোরামের এক বক্তব্যে টমাস জর্ডান বলেন, ‘এটি শুধু একটি পরীক্ষা নয়। এটি ব্যাংক রিজার্ভের সমতুল্য বাস্তব অর্থ হবে। এর লক্ষ্য হলো বাজারের অংশগ্রহণকারীদের সঙ্গে বাস্তব লেনদেনসংক্রান্ত বিষয় পরীক্ষা করা। প্রকল্পটি সীমিত সময়ের জন্য করা।’
বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের মুদ্রার ডিজিটাল সংস্করণ চালু করা নিয়ে যাচাই-বাছাই করছে। ডিজিটাল পেমেন্টগুলো বেসরকারি খাতের দখল থেকে আটকাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকারি সংস্থাগুলো। কেননা কভিড-১৯ মহামারীর প্রভাবে, গত কয়েক বছরে নগদ অর্থের লেনদেন লক্ষ্যণীয় হারে কমেছে।
প্রতিবেদন বলছে, টোকেনাইজড সিকিউরিটি ব্যবহার করে ডিজিটাল মুদ্রা চালুর ব্যাপারে এসএনবি দীর্ঘদিন ধরে পাবলিক বা খুচরা ডিজিটাল মুদ্রার ব্যবহার সম্পর্কে পরিকল্পনা করে আসছে।
টমাস জর্ডান জানিয়েছেন, খুচরা ডিজিটাল মুদ্রার আর্থিক ব্যবস্থার জন্য সম্ভাব্য ঝুঁকি নিয়ে তিনি উদ্বিগ্ন। কেননা এ ধরনের মুদ্রার ব্যবহার নিয়ন্ত্রণ করা তুলনামূলক কঠিন। সেন্ট্রাল ব্যাংক চেয়ারম্যান বলেন, ‘আমরা কখনই খুচরা ডিজিটাল মুদ্রা চালু করব না, সেটা বলছি না।










