আর্জেন্টিনা থেকে সয়াবিন ও ভুট্টা রফতানি আবারো ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। হপার পোকার আক্রমণে ফসলহানি এবং যুক্তরাষ্ট্রে শস্য দুটির চাহিদা কমা সত্ত্বেও রফতানি বাড়ছে বলে জানিয়েছে দেশটির শস্যবাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান রোজারিও গ্রেইনস এক্সচেঞ্জ। খবর বিজনেস রেকর্ডার।
প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়, চলতি মৌসুমের প্রথম ছয় মাসে ভুট্টা রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ এবং সয়াবিন রফতানি ৬৭ শতাংশ বেড়েছে। তবে শস্য দুটির রফতানি বাড়লেও সে অনুপাতে আয় বাড়েনি। এ সময় ভুট্টা রফতানি থেকে আয় ৫ শতাংশ বেড়ে ৪০৭ কোটি ডলার এবং সয়াবিন রফতানির আয় ৩৯ শতাংশ বেড়ে ৮৯৮ কোটি ডলারে উন্নীত হয়েছে।
এর আগে রোজারিও পূর্বাভাস দিয়েছিল, মৌসুমের মাঝামাঝি সময় পর্যন্ত ভুট্টা আহরণ ৩৬ শতাংশ বেড়ে ৪ কোটি ৯০ লাখ টনে উন্নীত হতে পারে। এর বিপরীতে দুই কোটি টন রফতানি হতে পারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫১ লাখ টন বেশি।
আর্জেন্টিনায় সম্প্রতি হপার পোকার মাধ্যমে ছড়িয়ে পড়া স্পাইরোপ্লাজমা রোগে প্রায় সব ধরনের মৌসুমি ফসল ক্ষতিগ্রস্ত হয়। এতে আগস্টে ভু্ট্টা রফতানি এক দশকের মধ্যে সর্বনিম্নে চলে যায়। তবে গত ছয় মাসে সামগ্রিকভাবে ভুট্টা রফতানি বেড়েছে। অন্যদিকে সয়াবিন উৎপাদন আগের মৌসুমের তুলনায় ১৫০ শতাংশ বেড়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ টন সয়াবিন রফতানি হয়েছে, যা পাঁচ বছরের গড়ের তুলনায় ৮ শতাংশ বেশি।










