খাদ্য ও আনুষঙ্গিক খাতের তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের পর্ষদ সভা ৯ মার্চ বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির আয় সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ কমেছে। আয় কমলেও এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফায় ২৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। 

প্রতিবেদন অনুসারে, সমাপ্ত হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ইউনিলিভার কনজিউমার কেয়ারের আয় হয়েছে ৩০০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১৮ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৭ কোটি ৮২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৪ কোটি টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ টাকা ১৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২৮ টাকা ৪ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৭ টাকা ৪৪ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ২৪০ শতাংশ নগদ ও ৬০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬০ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৩ টাকা ৮০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৩৯ টাকা ৬০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২২ টাকা ৮৮ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। ২০২০ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আগের হিসাব বছরের জন্য ৫৩০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।