বৃহৎ স্বাস্থ্য বীমা কোম্পানি ইউনাইটেড হেলথের সঙ্গে যুক্ত হয়েছে হিউম্যানা ইনকরপোরেশন। চাহিদা বেড়ে যাওয়ার কারণে চলতি বছর সার্জারি ও সংশ্লিষ্ট চিকিৎসায় ব্যয় বেড়েছে। মহামারীর কারণে নিষেধাজ্ঞা ও হাসপাতালে কর্মী ঘাটতির কারণে রোগীরা নিতম্ব ও হাঁটু প্রতিস্থাপনের মতো চিকিৎসা নিতে অপেক্ষা করেছেন। বিশেষ করে বয়স্কদের কভিড সংক্রমণের ঝুঁকি থাকায় সে সময় হাসপাতাল এড়িয়ে গেছেন, যা চাপ তৈরি করেছে পরবর্তী সময়ে। যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত তাদের পরবর্তী পদক্ষেপকে সহজ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।
নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা প্রশাসন ও জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক পাভানি রাঙ্গাচারি জানান, কভিডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সরকারিভাবেও তুলে নেয়া হয়েছে স্বাস্থ্য ঝুঁকিজনিত জরুরি অবস্থা। ফলে যেসব রোগীর সার্জারি বন্ধ ছিল, তা আবার শুরু হচ্ছে। সপ্তাহের শুরুর দিকে ইউনাইটেড হেলথ বলেছে, এপ্রিল, মে ও জুনের শুরুতে প্রচুরসংখ্যক চিকিৎসা বীমার অর্থ প্রদানের আবেদন পেয়েছেন। কভিডঝুঁকি কমে যাওয়ায় ট্রিটমেন্ট নিতে বয়স্করা আবার ডাক্তারের চেম্বারে আসছেন। ফলে বুধবার স্টক মার্কেটে স্বাস্থ্য বীমাকারীদের শেয়ার মূল্যে বিলিয়ন ডলারের পতন ঘটে। অন্যদিকে মেডিকেল ডিভাইস নির্মাতা ও হাসপাতাল অপারেটরদের শেয়ারদরে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। হিউম্যানার শেয়ারদর শুক্রবার আরো ২ দশমিক ৬ শতাংশ পড়ে গেছে। অন্যদিকে অন্য বীমা প্রতিষ্ঠান ইলিভেন্স হেল্থ ও সেনটেনি করপোরেশনের বাজারদর যথাক্রমে ২ শতাংশ ও ১ শতাংশ কমে গেছে। রাঙ্গাচারি মতে, বার্ধক্যপ্রধান জনমিতির ফলে বয়স্ক মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। ফলে চিকিৎসা সেবার চাহিদাও বেড়ে যাচ্ছে। প্রত্যাশিত আয়ু বাড়ানো ও অর্থভিত্তিক যত্নের দিকে মানুষ ঝুঁকছে। এ ব্যবস্থায় সেবা নিতে হলে অর্থ দিতে হবে।
হিউম্যানা সম্প্রতি বহির্বিভাগ সার্জারির রোগী ও দাঁতের রোগীদের থেকে উচ্চ চাহিদা পেয়েছে। পাশাপাশি হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর রোগীরাও জানিয়েছে বীমার দাবি। বীমা প্রতিষ্ঠানটি এখন চিকিৎসা খাতে আনুপাতিক ক্ষতির আশঙ্কা করছে। প্রিমিয়াম সংগ্রহের বিপরীতে বেশিসংখ্যক বীমার দাবি অনুযায়ী অর্থ প্রদান করতে হচ্ছে। বছর শেষে প্রতিষ্ঠানটির প্রত্যাশিত বীমা দাঁড়াবে ৮৬ দশমিক ৩ থেকে ৮৭ দশমিক ৩ শতাংশ। প্রতিবন্ধকতা সত্ত্বেও কোম্পানিটি ২০২৩ সালে সম্ভাব্য আয়ের হিসাব বহাল রেখেছে। চলতি বছর তাদের শেয়ারপ্রতি কমপক্ষে ২৮ দশমিক ২৫ ডলার আয়ের পূর্বাভাস দেয়া হয়েছে।










