ভারতের মধ্যপ্রদেশে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা করেছে আদানি গ্রুপ। দেশটির অন্যতম এ শিল্পগোষ্ঠী জানায়, নতুন এ বিনিয়োগে অন্তর্ভুক্ত থাকছে বিদ্যুৎ, সিমেন্ট, সড়ক অবকাঠামো নির্মাণ ও অন্যান্য খাত। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে। খবর দ্য হিন্দু।

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে একটি আঞ্চলিক শিল্প এলাকায় নতুন কিছু শিল্প অবকাঠামো চালু করবে আদানি গ্রুপ। এ বিষয়ে আদানি এন্টারপ্রাইজেসের পরিচালক প্রণব আদানি বলেন, ‘বিশেষ করে জ্বালানি ও অবকাঠামো খাতে আমরা অসীম সম্ভাবনা দেখতে পাচ্ছি। মধ্যপ্রদেশে বিনিয়োগের বিষয়ে আদানি গ্রুপ খুবই উচ্ছ্বসিত।’

এখনো পর্যন্ত রাজ্যটিতে প্রায় ১৮ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে ভারতের অন্যতম এ কনগ্লোমারেট। ওই সব বিনিয়োগে ১১ হাজারের মতো নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। এখন তারা বিনিয়োগ আরো বাড়াতে চায়।

আদানির পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন বিনিয়োগের সবচেয়ে বড় অংশ ব্যয় হবে বিদ্যুৎ উৎপাদন খাতে। এর মাধ্যমে বিদ্যুতে রাজ্যের নির্ভরযোগ্য উৎস হতে চায় তারা। নতুন পরিকল্পনা অনুসারে, বিদ্যুৎ উৎপাদনক্ষমতা বাড়াতে প্রায় ৩০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে। সিংগ্রাউলিতে আদানির মালিকানাধীন মহান এনারজেন প্লান্টে বর্তমানে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, সে সক্ষমতা ৪ হাজার ৪০০ মেগাওয়াটে উন্নীত হবে। ২০২২ সালে এসার গ্রুপ দেউলিয়া ঘোষিত হওয়ার পর ৪ হাজার ২০০ কোটি রুপিতে এ প্লান্ট অধিগ্রহণ করেছিল আদানি পাওয়ার। এছাড়া ৩ হাজার ৪১০ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ হবে ২৮ হাজার কোটি রুপি। 

ইন্দোরের মধ্য দিয়ে উজ্জয়িনী থেকে ভোপালের সঙ্গে সংযোগ স্থাপনকারী মহাকাল এক্সপ্রেসওয়ে নির্মাণে ৫ হাজার কোটি রুপি খরচ করবে আদানি গ্রুপ। চোরগাদিতে ৫ হাজার কোটি রুপিতে কারখানা তৈরি হবে। নতুন এ ইউনিটে বার্ষিক ৪০ লাখ টন ক্লিংকার উৎপাদন হবে। একই বাজেটের মধ্যে রয়েছে দেওয়াস ও ভোপালে দুটি সিমেন্ট গ্রাইন্ডিং ইউনিট, যাদের সম্মিলিত ক্ষমতা বার্ষিক ৮০ লাখ টন।

আদানি বলেছে, খাদ্য প্রক্রিয়াকরণ, রসদ ও কৃষি-লজিস্টিকস এবং প্রতিরক্ষা খাতে যথাক্রমে ৪ হাজার কোটি ও ৬০০ কোটি রুপির বেশি বিনিয়োগ করবে। এছাড়া জ্বালানি বিতরণ খাতে ২ হাজার ১০০ কোটি রুপির বেশি বিনিয়োগ করবে। ভিন্দ, বুরহানপুর, অনুপপুর, টিকামগড় ও আলীরাজপুরে গ্যাস বিতরণ নেটওয়ার্ক শক্তিশালী করতে এ অর্থের বেশির ভাগ খরচ হবে।