আগামী বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার কমাবে বলে পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাকস। জান হ্যাটজিয়াসের নেতৃত্বে প্রতিষ্ঠানটির অর্থনীতিবিদদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে ফেডারেল রিজার্ভ তার সুদহার কমাতে পারে বলে আশা করা যাচ্ছে। যদিও আগের পূর্বাভাসে বলা হয়েছিল, চতুর্থ প্রান্তিকে সুদহার কমানোর দিকে যেতে পারে ফেড। খবর ইয়াহু ফাইন্যান্স। 

গোল্ডম্যান স্যাকসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আগের পূর্বাভাসে চতুর্থ প্রান্তিকে সুদহার কমার কথা বলা হলেও এখন তৃতীয় প্রান্তিকেই এমন পরিবর্তন হবে বলে প্রতীয়মান হচ্ছে। 

মূল ব্যক্তিগত খরচকে সূচক ধরে পরিমাপ করা মুদ্রাস্ফীতি অনুযায়ী, আগামী বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে মুদ্রাস্ফীতি ২ দশমিক ৫ শতাংশে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিক পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে। সর্বশেষ গত অক্টোবরে মূল ব্যক্তিগত খরচ (পিসিই) আগের বছরের চেয়ে ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। যেখানে ফেডের নির্ধারিত লক্ষ্যমাত্রা হলো মূল্যস্ফীতি ২ শতাংশে রাখা। 

গোল্ডম্যান স্যাকস এ প্রত্যাশিত সুদের হার হ্রাসকে চিহ্নিত করেছে ‘নরমালাইজেশন কাট’ হিসেবে। সুদের হার ২২ বছরের সর্বোচ্চ পর্যায় থেকে কমিয়ে আনার চেষ্টা করছে ফেডারেল রিজার্ভ। গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদদের প্রত্যাশা, আগামী বছর সুদহার ৫০ বেসিস পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ কমিয়ে আনবে ফেডারেল রিজার্ভ।

সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) ও ব্যাংক অব ইংল্যান্ডও (বিওই) আগামী বছর সুদহার কমাবে বলে প্রতীয়মান হচ্ছে। বিনিয়োগকারীরা বলছেন, যুক্তরাষ্ট্র, ইউরোজোন ও ইংল্যান্ডের নীতিনির্ধারকরা নতুন বছরের শুরুতে মুদ্রানীতি শিথিল করা শুরু করবেন। ব্যবসায়িক বিবেচনায় আর্থিক ব্যবস্থাও সহজ করা হতে পারে।