ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের (ইএফটিএ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে (এফটিএ) স্বাক্ষর করেছে ভারত। এর আওতায় ইএফটিএর অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে ১৫ বছরে ভারতে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার বাণিজ্য ও বিনিয়োগ হবে। খবর হিন্দুস্তান টাইমস। 

ইউরোপের ব্লকটিতে অন্তর্ভুক্ত রয়েছে আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে ও সুইজারল্যান্ড। পক্ষগুলো আশা করছে, এ চুক্তির মাধ্যমে আরো সমন্বিত ও স্থিতিস্থাপক সরবরাহ চেইন তৈরি এবং ব্যবসা ও কর্মসংস্থানে নতুন সুযোগ যোগ করবে। 

২০২২ সালের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও অস্ট্রেলিয়ার সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছিল নয়াদিল্লি। সর্বশেষটি নরেন্দ্র মোদি সরকারের তৃতীয় বড় বাণিজ্য চুক্তি। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে বড় আকারের বাণিজ্য চুক্তি নিয়ে সম্প্রতি আলোচনা করেছে ভারত। তবে সে চুক্তিগুলোর চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম।

এ চুক্তির আওতায় দেশগুলো ডিজিটাল বাণিজ্য, ব্যাংক ও আর্থিক খাত, পরিবহন ও লজিস্টিকস, শিল্প যন্ত্রাংশ, বায়োটেকনোলজি ও ওষুধ শিল্পে যৌথভাবে কাজ করবে।